২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শরণার্থী শিশু: জীবন এক ‘আবর্জনার ঝুড়ি’

বর্তমান বিশ্বে ৪ কোটি ১০ লাখ শরণার্থীর মধ্যে শিশু শরণার্থী ১ কোটি ৩৩ লাখ, যা বেলজিয়াম, সুইডেন, পর্তুগাল কিংবা গ্রিসের জনসংখ্যা থেকেও বেশি।

শরণার্থী শিশু: জীবন এক ‘আবর্জনার ঝুড়ি’
লেবাননের একটি আশ্রয় শিবিরে গৃহযুদে্‌ধ বাস্তুচ্যুত সিরিয়ার শিশুরা। ছবি: আনাদোলু ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2025, 12:27 AM

Updated : 26 Aug 2026, 01:17 PM

সামিরের (ছদ্মনাম) বয়স যখন কেবল ১৭, সেসময় আফগানিস্তান ছেড়ে পালিয়ে যান।

নানা দেশ হয়ে থিতু হতে পেরেছেন যুক্তরাজ্যে, ২০২৪ সালে।

তালেবান কাবুল দখল করার আগে প্রেসিডেন্ট আশরাফ গনি সরকারের জন্য কাজ করছিলেন সামিরের বাবা।

২০২১ সালের ১৫ অগাস্ট আশরাফ গনি সরকারকে হটিয়ে তালেবান যখন কাবুল দখল করে, তাদের পরিবার ঝুঁকির মধ্যে পড়ে যায়।

এখন মার্শাল আর্ট চর্চা করছেন সামির। বছর চারেক আগে বাস্তুচ্যুত হওয়ার ঘটনা তুলে ধরে আল জাজিরাকে তিনি বলেন, তালেবান ক্ষমতা নেওয়ার পর পরিস্থিতি খুব কঠিন হয়ে দাঁড়ায়। 

তাদের পরিবারের ওপর চাপ বাড়তে থাকে। ঘরবাড়ি ছেড়ে পালাতে হয় তার তাদের পরিবারকে। সেই থেকে শিশু সামিরের শরণার্থী জীবন শুরু।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার তথ্যের বরাতে আল জাজিরা লিখেছে, বর্তমান বিশ্বে ৪ কোটি ১০ লাখ শরণার্থীর মধ্যে সামিরের মত শিশু শরণার্থীর সংখ্যা ১ কোটি ৩৩ লাখ। 

অর্থাৎ শিশু শরণার্থীর এই সংখ্যা বেলজিয়াম, সুইডেন, পর্তুগাল কিংবা গ্রিসের জনসংখ্যা থেকেও বেশি। সহজ হিসাব হল- ১০০ শরণার্থীর মধ্যে ৩৩ জনই শিশু, যাদের প্রত্যেকেরই দরকার আন্তর্জাতিক সুরক্ষা।

১৯৫১ সালে জাতিসংঘ শরণার্থী কনভেনশন গৃহীত হওয়ার সময় বিশ্বে শরণার্থী ছিল ২১ লাখ। এখন সেই সংখ্যা ২০ গুণ বেড়েছে। ১৯৫১ সালে প্রতি ১১৯০ জনের একজন শরণার্থী ছিল। এখন প্রতি ১৮৫ জনে একজন শরণার্থী বিশ্বে। 

আফগানিস্তান, ইরাকে যুদ্ধ আর সিরিয়া ও দক্ষিণ সুদানের গৃহযুদ্ধ বিশ্বে শরণার্থী বৃদ্ধি পাওয়ার প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম। 

ছেলেমেয়ের চিত্র

ইউএনএইচসিআরের সবশেষ ২০২৪ সালের হিসাবে- মোট শিশু শরণার্থীর মধ্যে ৬ কোটি ৮০ লাখ ছেলে (৫১%) এবং ৬ কোটি ৫০ লাখ (৪৯%) মেয়ে শিশু।

সংখ্যায় তেমন ব্যবধান না থাকলেও লিঙ্গ পরিচয়ের ওপর ভিত্তি করে তারা নানা চ্যালেঞ্জের শিকার। 

মেয়েরা লিঙ্গভিত্তিক সহিংসতা যেমন যৌন নিপীড়নের শিকার বেশি হন। আর ছেলেরা শারীরিক নানা সহিংসতার শিকার। 

তবে পরিবার থেকে বিচ্ছিন্ন বা সঙ্গীহীন শরণার্থী শিশুরা আরও বেশি নির্যাতনের শিকার।

আফগান শিশু সামিরের পরিবারের ক্ষেত্রে যেটা হয়েছিল, তারা সীমান্তে পুলিশের নির্যাতনের শিকার হন।

তিনি বলেন, “বিভিন্ন দেশের পুলিশ আমাদের থামিয়েছে, অন্যদের সামনে মারধর করেছে। বয়সে বড় না ছোট তার তোয়াক্কা কেউ করেনি।”

দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে

আফগানিস্তান থেকে যাত্রা শুরুর পর যুক্তরাজ্যে পৌঁছাতে দেড় বছর লেগে যায় সামিরের। এ সময়ে তিনি ২ হাজার কিলোমিটারের বেশি পথ অতিক্রম করেন। বিশ্বের মোট শিশু শরণার্থীর ১২ শতাংশ এই দীর্ঘপথ ভ্রমণ করে একটা গন্তব্যে গিয়ে হাজির হতে পেরেছেন।

ইউএনএইচসিআরের তথ্য বলছে, বাস্তুচ্যুত হওয়ার পর প্রত্যেক ১০ জন শিশুর মধ্যে নয়জনই ৫০০ কিলোমিটারের বেশি পথ ঘুরে কোনো জায়গায় গিয়ে আশ্রয় নেন। শরণার্থী শিশুদের অর্ধেক ৫০০ থেকে ১ হাজার কিলোমিটার পথ অতিক্রম করতে হয়েছে। 

এই পথ যেতে তাদের ১০-১২ ঘণ্টা গাড়িতে ছুটতে হতো কিংবা উড়োজাহাজে অন্তত দুই ঘণ্টার পথ ভ্রমণ করতে হতো। কিন্তু বেশিরভাগ শিশুই বাস্তুচ্যুত হয়ে হেঁটে কিংবা ধীরগতির কোনো যানবাহনে করে গন্তব্যে পৌঁছেছে।

সামির বলেন, ঠান্ডার মধ্যে বিভিন্ন দেশের ভেতর দিয়ে তাদের আশ্রয়ের পথে ছুটতে হয়েছে। বেশিরভাগ সময় কেটেছে জঙ্গল ও পাহাড়ি এলাকায়। 

ভ্রমণের শারীরিক কষ্টের পাশাপাশি তুরস্ক ও বুলগেরিয়ায় প্রবেশের সময় সীমান্ত পুলিশের নির্মমতার মুখোমুখি হয়েছিলেন সামির। 

তিনি বলেন, “পুলিশ আমাদের মারধর করত। গায়ে খোঁচা দিত, আগের দেশে পাঠিয়ে দিত।”

শরণার্থী জীবনের অচেনা পরিবেশ, দুঃখ আর সহিসংতায় ভরা এক জগতের ক্ষুদ্র অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন সামির। পরিবারের সদস্যদের পাশাপাশি নিজের বাড়িঘর হারানোর কষ্টও তার শরণার্থী জীবনের সঙ্গী।

৫ বছরের নিচে এক-চতুর্থাংশ

২০২৪ সালের হিসাবে, মোট শিশু শরণার্থীর মধ্যে ৪৪ শতাংশের (৫৯ লাখ) বয়স ৫ থেকে ১১ এর মধ্যে। ৩২ শতাংশের বয়স (৪২ লাখ) ১২ থেকে ১৭ বছর, আর ২৪ শতাংশের (৩২ লাখ) বয়স শূন্য থেকে ৪ বছরের মধ্যে।

শৈশবের প্রতিটি পর্যায়ে শিশুদের ঝুঁকিগুলো তাদের সুস্থ বিকাশের জন্য হুমকি। একেবারে ছোট শিশুরা তাদের পরিবার কিংবা দেখভালকারী কারও ওপর নির্ভরশীল। 

এই সময়ে তারা অপুষ্টি, অসুস্থতা ও নানা রোগবালাইয়ে কাবু হয়ে যায়। ফলে যাদের স্কুলে যাওয়ার বয়সে শরণার্থী হয়ে যায়, তাদের পড়ালেখায় ছেদ পড়ে।

অপরদিকে কৈশোরে বয়ঃসন্ধিকালে শিশুদের ওপর মানসিক আঘাতের প্রভাব বাড়তে পারে। এই সময়ে বেশিরভাগই মানসিক অসুস্থতা সবচেয়ে বেশি ভোগে।

শিশু শরণার্থী সবচেয়ে বেশি যে দেশের

২০২৪ সালে সবথেকে বেশি শিশু শরণার্থী হয়েছে আফগানিস্তান থেকে। ১০০ শিশুর মধ্যে ২১ জনই ছিল আফগানিস্তানের।

সে বছর দুই-তৃতীয়াংশ শিশু শরণার্থী হয়েছে কেবল চারটি দেশ থেকে। এর মধ্যে আফগানিস্তানের ২১ শতাংশ, সিরিয়ার ২০ শতাংশ, ভেনেজুয়েলার ১৪ শতাংশ এবং দক্ষিণ সুদানের ১০ শতাংশ।

সবথেকে বেশি আশ্রয়দাতা দেশ

সামিরের মত খুব অল্প কজনের গন্তব্যই যুক্তরাজ্যে গিয়ে শেষ হয়েছে। ২০২৪ সালে সবথেকে বেশি ১৮ লাখ শরণার্থী আশ্রয় দিয়েছে ইরান, তারপরে তুরস্ক আশ্রয় দিয়েছে ১৪ লাখ, উগান্ডা আশ্রয় দিয়েছে ৯ লাখ ৬৫ হাজার। 

সামির তার যুক্তরাজ্যে পৌঁছানোর গল্প তুলে ধরে বলেন, প্রথমে সমুদ্র চ্যানেল পাড়ি দেওয়ার সময় তাদের নৌযান ডুবে যায়। তখন ফ্রান্সের পুলিশ তাদের উদ্ধার করে। মাঝরাতে আরেকটি নৌকায় উঠে সকালে পৌঁছান যুক্তরাজ্যের উপকূলে। সেখানে পৌঁছতে তার ১৮ মাস লেগেছে।

কোনো দেশে আশ্রয় নেওয়ার পর শরণার্থীদের ঝুঁকি থাকে বন্দি হওয়ার। সেটি আরও বড় মানসিক আঘাত। কিন্তু যুক্তরাজ্যে পৌঁছানোর পর সামিরের অভিজ্ঞতা ছিল অন্যরকম। সেখানকার পুলিশ তখন বেশ সদয় ছিলেন। পুলিশ সামিরদের একটি জায়গায় নিয়ে যায়, সেখানে জামাকাপড় ও খাবারের ব্যবস্থাও করে।

নিঃসঙ্গদের সংখ্যা কত

ইউএনএইচসিআরের হিসাবে, মোট শিশু শরণার্থীর মধ্যে সঙ্গীহীন বা পরিবার ও অভিভাবক থেকে বিচ্ছিন্ন রয়েছে ১ লাখ ৫৩ হাজার ৩০০ জন।

আফগান শরণার্থী শিশু সামির দেশ ছাড়ার পর তুরস্কে গিয়ে তার ভাই থেকে বিচ্ছিন্ন হয়ে যান।

তিনি বলেন, “আমাকে একদিকে পাঠানো হয়, আর আমার ভাইকে পাঠানো অন্যদিকে। এরপর থেকে তাকে আমি কখনও দেখিনি। সে কোথায় আছে, কীভাবে আছে জানিও না।”

ইউএনএইচসিআরের মানসিক স্বাস্থ্যসেবা বিষয়ক জ্যেষ্ঠ কর্মকর্তা পিটার ভেন্টেভোগেল আল জাজিরাকে বলেন, “যদি আপনি একটি ভালো সামাজিক ব্যবস্থায় থাকেন, তখন আপনি নিরাপদ বোধ করবেন, আপনার সমস্যাও কম মনে হবে। কিন্তু শিশুদের ক্ষেত্রে বিচ্ছিন্ন থাকার প্রভাব অনেক বেশি।”

পরিবার থেকে বিচ্ছিন্ন শিশু শরণার্থীদের খুব ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়ার চিত্র দেখেছেন বলে জানান ভেন্টেভোগেল।

উদ্বেগ ও হতাশা ঘেরা জীবন

আফগান শিশু সামির বলেন, শরণার্থী হওয়ার পর থেকে যে চিত্র তিনি প্রত্যক্ষ করেছেন তা খুবই বাজে প্রভাব ফেলেছে তার ওপর। এখনও তার পুরনো স্মৃতি মনে পড়ে। তখন বিপর্যস্ত হয়ে পড়েন তিনি।

গবেষণাতেও দেখা গেছে, শরণার্থী শিশুদের মানসিক সমস্যা অন্য সাধারণ শিশুদের চেয়ে অনেক বেশি।

একটি গবেষণার বরাতে আল জাজিরা লিখেছে, শরণার্থী শিশুদের মধ্যে ‘পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার’ এ আক্রান্ত ২৩ শতাংশ; অর্থাৎ প্রতি চারজনের মধ্যে একজন। বিষণ্নতায় আক্রান্তের হার ১৬ শতাংশ এবং হতাশায় ভোগে ১৪ শতাংশ।

ভেন্টেভোগেল বলেন, ছোট বাচ্চাদের বেলায় মানসিক প্রভাবের চেয়ে আরও অনেক কিছু ঘটতে পারে। কারণ তারা অনুভূতি মুখে বলে প্রকাশ করতে পারে না। যেমন- কোনো শিশু অন্যদের সঙ্গে খেলা বন্ধ করে দিতে পারে। তার মানে কোনো কিছুতে ঝামেলা আছে।

“এ সমস্যাগুলো পরীক্ষা-নিরীক্ষা করে শনাক্ত করার মত নয়, তবে কোনো একটি সমস্যা আরও গভীর সেই ইঙ্গিত বহন করে,” বলেন তিনি।