দক্ষিণ আফ্রিকায় ভবন ধসে নিহত ৫, নিখোঁজ অর্ধশতাধিক
ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ১১ জনের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছেন বলে মঙ্গলবার সকালে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।
দক্ষিণ আফ্রিকায় নির্মাণাধীন একটি ভবন ধসে অন্তত পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আরও অর্ধশতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপের নিচে তারা চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।
ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ১১ জনের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছেন বলে মঙ্গলবার সকালে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান পরিচালক কলিন ডেইনার বলেন, “আমরা ১১ জনের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। তাদের মধ্যে চারজন বেজমেন্টের নিচে আটকা পড়ে আছেন।”
দক্ষিণ আফ্রিকার উপকূলীয় নগরী জর্জে সোমবার পাঁচতলা ওই ভবনটি ধসে পড়ে। কি কারণে ভবনটি ধসে পড়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
ভবনটি ধসে পড়ার একটি ভিডিও ফুটেজ অনলাইনে পাওয়া গেছে বলে জানিয়েছে বিবিসি। ভিডিওতে দেখা যায়, ভবনটি ধসে পড়ার সময় আকাশে ধুলার বিশাল এক মেঘ।
মঙ্গলবারও উদ্ধারকর্মীদের ব্যস্ত হাতে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ সরাতে দেখা গেছে। চাপা পড়ে থাকাদের জীবিত উদ্ধারে তারা দিনরাত এক করে কাজ করে যাচ্ছেন।
কখনও কখনও সব কাজ বন্ধ করে পুরো এলাকায় নিরবতা নামিয়ে তারা কান পেতে ধ্বংসস্তূপের নিচ থেকে কোনো শব্দ আসে কিনা তা শোনার চেষ্টা করছেন।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এ ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং ভবনটি ধসে পড়ার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন। যাতে ভবিষ্যতে এ ধরণের ঘটনা আর না ঘটে।
