২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজারে অস্থিরতার সুযোগ নিচ্ছে ওয়াগনার: ব্লিনকেন

রাশিয়া থেকে বিতাড়িত ভাড়াটে এই সেনাদল আফ্রিকার সাহেল অঞ্চলের কিছু অংশে আত্মপ্রকাশ করতে চাইছে।

নাইজারে অস্থিরতার সুযোগ নিচ্ছে ওয়াগনার: ব্লিনকেন

অ্যান্টনি ব্লিনকেন। ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2023, 09:02 PM

Updated : 08 Aug 2023, 09:51 PM

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে অভ্যুত্থানের কারণে যে অস্থিরতা দেখা দিয়েছে, রাশিয়ার ভাড়াটে যোদ্ধাদের দল ওয়াগনার তার সুবিধা নিচ্ছে বলে বিবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

সপ্তাহ দুই আগে নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে তার প্রাসাদেই বন্দি করে দেশটির প্রেসিডেন্সিয়াল গার্ড বাহিনী। পরে নাইজারের সেনাবাহিনী ওই অভ্যুত্থানে সমর্থন জানায়।

 ইকোনোমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস (ইসিওডব্লিউএএস) এর নেতারা নাইজারের সেনাবাহিনীকে প্রেসিডেন্ট বাজোমকে মুক্তি দিয়ে তার হাতে ক্ষমতা হস্তান্তর করে নিজ ঘাঁটিতে ফিরে যাওয়ার জন্য সময় বেঁধে দিয়েছিল। নতুবা প্রয়োজনে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়া হয়।

ইসিওডব্লিউএএস-র ওই আল্টিমেটাম পুরোপুরি উপেক্ষা করে নাইজারের জান্তা বাহিনী উল্টো বলেছে, তারা যেকোনো ধরনের সামরিক হস্তক্ষেপ প্রতিহত করতে প্রস্তুত আছে। গত রোববার ইসিওডব্লিউএএস-র বেঁধে দেওয়া সময় শেষ হয়।

ওদিকে গুঞ্জন রটেছে, নাইজারের জান্তা বাহিনী ওয়াগনারের কাছে সহায়তা চেয়েছে। প্রতিবেশী মালিতে অনেক দিন ধরেই ইয়েভগেনি প্রিগোজিনের ওয়াগনার বাহিনীর সক্রিয় উপস্থিতি আছে।

ব্লিনকেন বলেন, রাশিয়া বা ওয়াগনার নাইজারে অভ্যুত্থানের উসকানি দিয়েছে বলে তার মনে হয় না।

তবে আফ্রিকার সাহেল অঞ্চলের কিছু অংশে ‘খুব সম্ভবত নিজেদের প্রকাশ করতে চলেছে’ ওয়াগনার বাহিনী। আর তা যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ব্লিনকেন বলেন, “আমার মনে হয় নাইজারে যা ঘটেছে, এবং এখনও যা ঘটে চলেছে তাতে রাশিয়া বা ওয়াগনারের উসকানি ছিল না। তবে তারা উদ্ভূত পরিস্থিতি থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছে।

“ওয়াগনার গ্রুপ যেখানেই গেছে প্রতিটি জায়গায় মৃত্যু, ধ্বংস এবং নিপীড়ন তাদের অনুসরণ করেছে। নিরাপত্তাহীনতা বেড়েছে বই কমেনি।” 

ওয়াগনার যে দেশেই গেছে একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে বলেও মনে করেন ব্লিনকেন। তিনি বলেন, “তারা নিজেদের সঙ্গে খারাপ ছাড়া আর কিছুই বয়ে আনেনি।”

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক (সিএআর) এবং মালি ছাড়াও আফ্রিকার আরও কয়েকটি দেশে ওয়াগনারের হাজার হাজার যোদ্ধা রয়েছে বলে বিশ্বাস করা হয়। ওইসব দেশে তাদের অর্থ উপার্জনের লোভনীয় সব সুযোগ রয়েছে। তবে শুধু তাদের নিজেদের স্বার্থই নয় বরং সেখানে তারা রাশিয়ার কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্কের উন্নয়নও ঘটাচ্ছে বলে ধারণা করা হয়।

ইউক্রেইন যুদ্ধেও রাশিয়ার বড় অস্ত্র হয়ে উঠেছিল এই ওয়াগনার গ্রুপ। তাদের নৃশংসতা রীতিমত লোমহর্ষক। কিন্তু হঠাৎ করে ওয়াগনার প্রধান প্রিগোজিন রাশিয়ার বিরুদ্ধে বিদ্রোহ করে বসেন এবং দেড় দিনের সেই বিদ্রোহের জেরে তাদের রাশিয়া থেকে বিতাড়িত করা হয়।

বর্তমানে প্রিগোজিন তার বাহিনী নিয়ে বেলারুশে রয়েছেন বলে শোনা যায়। যদিও তার প্রকৃত অবস্থান সম্পর্কে কেউই নিশ্চিত করে কিছু বলতে পারে না।

নাইজারে সেনাঅভ্যুত্থানের পর এর প্রশাংসা করে গত মঙ্গলবার টেলিগ্রামে একটি ভয়েস ম্যাসেজ আপলোড করেন প্রিগোজিন। যেখানে তিনি জান্তা কর্তৃপক্ষকে তাকে ডাকার আহ্বান জানিয়ে বলেন, “আমাদের ডাকবেন।

“আমরা সব সময় ভালোর পক্ষে, ন্যায়ের পক্ষে এবং যারা নিজেদের সার্বভৌমত্ব ও নিজেদের জনগণের অধিকার আদায়ের জন্য লড়াই করে তাদের পক্ষে।

ফ্রান্সের সাবেক উপনিবেশ নাইজারে অভ্যুত্থানের পর সাবেক ঔপনিবেশিক শাসক দেশ ফ্রান্সের বিরুদ্ধে এবং রাশিয়ার পক্ষে জনগণকে রাস্তায় নামতে দেখা গেছে।

নাইজারের দুই প্রতিবেশী মালি ও বুরসিনা ফাসোতেও সেনাঅভ্যুত্থানের পর জান্তা কর্তৃপক্ষকে রাশিয়ার দিকে ঝুঁকে পড়তে দেখা গেছে।