১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পূর্ব ‍তিমুরে বিক্ষোভ: এমপিদের আজীবন পেনশন ও বিনামূল্যে গাড়ি দেওয়ার পরিকল্পনা বাতিল

পূর্ব তিমুর কিংবা অনেকের কাছে তিমুর লেস্তে নামে পরিচিত দেশটির জনসংখ্যা মাত্র ১৩ লাখ, আয়তন কাতারের চেয়ে সামান্য বেশি।

পূর্ব ‍তিমুরে বিক্ষোভ: এমপিদের আজীবন পেনশন ও বিনামূল্যে গাড়ি দেওয়ার পরিকল্পনা বাতিল
পূর্ব তিমুরের রাজধানী দিলিতে পার্লামেন্টারি ভবনের বাইরে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2025, 07:28 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

নিজেদের জন্য আজীবন পেনশন ভাতা বরাদ্দের পরিকল্পনা বাতিলে রাজি হয়েছেন পূর্ব তিমুরের আইনপ্রণেতারা।

এ সংক্রান্ত পরিকল্পনা বাতিলের দাবিতে সোমবার হাজারো শিক্ষার্থী দেশটিতে বিক্ষোভ শুরু করেছিল। শেষ পর্যন্ত বুধবার আইনপ্রণেতারা শিক্ষার্থীদের দাবির কাছে হার মানেন, বলছে বার্তা সংস্থা রয়টার্স। 

পূর্ব তিমুর কিংবা অনেকের কাছে তিমুর লেস্তে নামে পরিচিত দেশটির জনসংখ্যা মাত্র ১৩ লাখ, আয়তন কাতারের চেয়ে সামান্য বেশি।

দক্ষিণপূর্ব এশিয়ার অন্যতম দরিদ্র এ দ্বীপদেশটি তেল-গ্যাসের ক্রমহ্রাসমান রিজার্ভের ওপর অনেকাংশে নির্ভরশীল।

বুধবার আইনপ্রণেতারা একমত হওয়ার আগে পূর্ব তিমুরের রাজধানী দিলির পার্লমেন্টারি ভবনের বাইরে টানা তৃতীয় দিনের আন্দোলনে হাজির ছিল হাজারের বেশি শিক্ষার্থী। তারা আইনপ্রণেতাদের আজীবন ভাতা দেওয়ার পরিকল্পনা বাতিলের দাবি জানায়। 

পরে পূর্ব তিমুরের পার্লামেন্টে থাকা দলগুলো জানায়, শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে তারা সাংসদদের আজীবন পেনশন দেওয়ার পরিকল্পনাটি বাতিল করবে।

এর আগে তারা নিজেদের জন্য ৬৫টি গাড়ি কেনার পরিকল্পনাও বাতিল করে। সেগুলো সাংসদদের বিনামূল্যে দেওয়ার ভাবনা চলছিল, যা বিক্ষোভ উসকে দেয়। 

সমঝোতার পর শিক্ষার্থীরা তাদের কর্মসূচি বাতিল করেছে, বলেছে দলগুলো।    

চলতি সপ্তাহে পূর্ব তিমুরে এ বিক্ষোভে একাধিক সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, রাস্তায় টায়ার পুড়েছে, পুলিশের দিকে পাথর ছুড়ে মারার ঘটনা ঘটেছে। এসবের পাল্টায় বাধ্য হয়ে কর্তৃপক্ষও বিক্ষোভকারীদের দিকে কাঁদুনে গ্যাস ছুড়েছে।

১৯৯৯ সালে জাতিসংঘের তত্ত্বাবধানে গণভোটের পর ২০০২ সালে পূর্ব তিমুর ইন্দোনেশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

সাংসদদের ভাতা ও পুলিশের বর্বরতা নিয়ে সপ্তাহ দুয়েক আগে ইন্দোনেশিয়াজুড়েও ব্যাপক বিক্ষোভ হয়েছিল।