১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘অবিলম্বে যুদ্ধবিরতির’ প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভিটোর নিন্দা চীনের

ওয়াশিংটনের এই পদক্ষেপ ‘ভুল বার্তা’ এবং কার্যকরভাবে ‘ক্রমাগত হত্যার জন্য সবুজ সংকেত’ দেবে বলে মন্তব্য করেছে বেইজিং।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2024, 02:08 PM

Updated : 21 Feb 2024, 02:08 PM

ফিলিস্তিনের গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলজেরিয়ার তোলা এক প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভিটো দেওয়ায় তীব্র নিন্দা করেছে চীন।

ওয়াশিংটনের এই পদক্ষেপ ‘ভুল বার্তা’ এবং কার্যকরভাবে ‘ক্রমাগত হত্যার জন্য সবুজ সংকেত’ দেবে বলে মন্তব্য করেছে বেইজিং।

হোয়াইট হাউজ দাবি করেছে, যুদ্ধ শেষ করার জন্য যে আলোচনা চলছে আলজেরিয়ার তোলা প্রস্তাবটি তাকে ঝুঁকিতে ফেলতো।

গাজায় ইসরায়েলের নির্মম আক্রমণ ও হত্যাকাণ্ড চলতে থাকার পরও আলজেরিয়ার প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভিটো দেওয়ার সিদ্ধান্তে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া হয়েছে, চীনের পাশাপাশি আরও অনেকে এর নিন্দা করেছে; জানিয়েছে বিবিসি।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের রাষ্ট্রের মধ্যে তিন স্থায়ী সদস্য চীন, রাশিয়া ও ফ্রান্সসহ ১৩ সদস্য প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে, যুক্তরাজ্য ভোটদানে বিরত থাকে আর যুক্তরাষ্ট্র বিপক্ষে ভোট (ভিটো) দেয়।

যুক্তরাষ্ট্রের ভিটো দেওয়ার প্রতিক্রিয়ায় চীনের রাষ্ট্রদূত ঝাং জুন বলেন, “যুদ্ধক্ষেত্রের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অবিলম্বের যুদ্ধবিরতি অবিরত এড়িয়ে যাওয়া ক্রমাগত হত্যাকাণ্ড চালিয়ে যাওয়ার সবুজ সংকেত দেওয়া ছাড়া কিছু নয়।

“এই যুদ্ধ যেভাবে ছড়িয়ে পড়ছে তা পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলকে অস্থিশীল করে তুলে একটি ব্যাপক যুদ্ধের ঝুঁকি তৈরি করছে। শুধুমাত্র গাজা যুদ্ধের আগুন নেভানোর মাধ্যমে পুরো অঞ্চলজুড়ে নরকের আগুন ছড়িয়ে পড়া বন্ধ করতে পারি আমরা।”

জাতিসংঘের নিযুক্ত আলজেরিয়ার শীর্ষ কূটনীতিক আমর বেন্দজামা বলেন, “দুর্ভাগ্যজনকভাবে নিরাপত্তা পরিষদ আরেকবার ব্যর্থ হল। আপনাদের বিবেককে পরীক্ষা করে দেখুন, ইতিহাস আপনাদের কীভাবে বিচার করবে।”

রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নিবেনজিয়া বলেন, ওয়াশিংটন অনবরত ইসরায়েলকে ‘হত্যার লাইসেন্স’ দিয়ে যাচ্ছে।

“নিষ্ক্রিয়তার জন্য জনমত আর নিরাপত্তা পরিষদকে ক্ষমা করবে না,” বলেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোও ওয়াশিংটনের এই ভিটো দেওয়ার সমালোচনা করেছে। ‘ঘটনাস্থলের বিপর্যয়কর পরিস্থিতি তুলে ধরা সত্ত্বেও’ এই প্রস্তাব পাস না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন ফ্রান্সের রাষ্ট্রদূত নিকোলা দ্য রিভিয়া।

আরও পড়ুন:

পুরানো খবর:

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির জাতিসংঘ প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভিটো

পুরানো খবর:

উত্তর গাজায় খাদ্য সরবরাহ বন্ধ করল ডব্লিউএফপি

পুরানো খবর:

গাজায় অস্থায়ী যুদ্ধবিরতির পক্ষে সমর্থন দিতে জাতিসংঘকে চাপ যুক্তরাষ্ট্রের