১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কঙ্গোতে প্রবল বাতাসে নৌকা উল্টে ১৯ জনের মৃত্যু

নৌকাটি রাতে প্রায় ২০০ যাত্রী নিয়ে কিরি গ্রাম থেকে রাজধানী কিনশাসার উদ্দেশে রওনা হওয়ার পর দুর্ঘটনায় পড়ে।

কঙ্গোতে প্রবল বাতাসে নৌকা উল্টে ১৯ জনের মৃত্যু
কঙ্গোর বিভিন্ন গ্রামীণ এলাকায় নৌকা এখনও পরিবহনের প্রধান মাধ্যম। ছবি: আপা ডট এজেড

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2025, 02:40 PM

Updated : 26 Aug 2026, 05:13 PM

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর মাই-এনডোমবে হ্রদে প্রবল বাতাসে একটি যাত্রী ও মালবাহী নৌকা উল্টে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। 

শনিবার মাই-এনডোমবে প্রদেশের গভর্নর এমনটি জানিয়েছেন বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।  

স্থানীয় সরকার ও সিভিল সোসাইটির সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে, নৌকাটি বৃহস্পতিবার রাতে কিরি গ্রাম থেকে রাজধানী কিনশাসার উদ্দেশে রওনা হওয়ার পর দুর্ঘটনায় পড়ে। 

কঙ্গোর বিভিন্ন গ্রামীণ এলাকায় নৌকা এখনও পরিবহনের প্রধান মাধ্যম। কিন্তু নৌযানগুলো সেকেলে হওয়ায় আর অতিরিক্ত যাত্রী বহন করায় দেশটিতে প্রায়ই নৌ-দুর্ঘটনা হয়। 

মাই-এনডোমবে প্রদেশের গভর্নর এনকোসো কেভানি লিবোঁ বলেছেন, “গতকাল (শুক্রবার) আমরা নয়টি মৃতদেহ উদ্ধার করি। আর আজ পানি থেকে আরও ১০টি মৃতদেহ উদ্ধার করা হয়। এতে মোট মৃত্যুর সংখ্যা ১৯ জনে দাঁড়ায়। আরও ৮২ জন রক্ষা পেয়েছেন।”  

তবে এখনও কতোজন নিখোঁজ রয়েছেন তা তিনি জানেন না বলে জানিয়েছেন।  

রয়টার্সকে তিনি বলেন, “হ্রদে প্রবল বাতাস বয়ে যাওয়ার সময় নৌকাটির দুটি ইঞ্জিনের মধ্যে একটি বিকল হয়ে যায় আর তাতেই নৌকাটি উল্টে যায়।”  

আরেক সরকারি কর্মকর্তা ফ্রেডি বনজেকে ইলিকির অনুমান, নৌকাটিতে অন্তত ২০০ জন আরোহী ছিলেন। তিনি জানান, নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত আছে। 

মাই-এনডোমবে প্রদেশের মুশি অঞ্চল থেকে নির্বাচিত জাতীয় প্রতিনিধি ইলিকি বলেন, “এই ধরনের ঘটনা ঘটে যাওয়ার পর আমরা আবিষ্কার করি মালামাল ও যাত্রী ধারণক্ষমতা সম্পর্কিত নিয়মগুলি মানা হয়নি।”  

সেপ্টেম্বরে কঙ্গোর অন্য অংশে দুটি পৃথক নৌ-দুর্ঘটনায় প্রায় ২০০ জনের মতো মানুষের মৃত্যু হয়েছিল।