২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ১৩

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, সিডনের কাছে জনাকীর্ণ ফিলিস্তিনি শরণার্থী শিবির আইন আল-হিলওয়েহতে হামলাটি চালিয়েছে তারা।

লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ১৩
ইসরায়েলি হামলার পর আইন আল-হিলওয়েহত শরণার্থী শিবিরের প্রবেশ পথে লেবাননের সেনাবাহিনীর সদস্যরা। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2025, 12:19 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

লেবাননের দক্ষিণাঞ্চলের ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহর সিডনে এক ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় ১৩ জন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। 

মঙ্গলবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ হামলার কথা জানিয়েছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের। 

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, সিডনের কাছে জনাকীর্ণ ফিলিস্তিনি শরণার্থী শিবির আইন আল-হিলওয়েহতে হামলাটি চালিয়েছে তারা। সেখানে তাদের কথিত ‘জঙ্গিরা’ একটি প্রশিক্ষণ শিবির পরিচলনা করছিল বলে অভিযোগ তাদের।   

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, ফিলিস্তিনের হামাস আন্দোলন ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাতে ওই কম্পাউন্ডটি ব্যবহার করে আসছিল।   

পরে হামাস এক বিবৃতিতে ইসরায়েলি হামলার নিন্দা জানায়। বিবৃতিতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি বলেছে, “যে স্থানে হামলা চালানো হয়েছে সেটি ‘হামাস আন্দোলনের একটি প্রশিক্ষণ কম্পাউন্ড’ জায়নবাদী দখলদার সেনাবাহিনীর এসব দাবি ও অভিযোগ পুরোপুরি বানোয়াট ও মিথ্যা। তাদের অপরাধমূলক আগ্রাসনের বৈধতা দিতে এসব অভিযোগ করেছে তারা।” 

হামাস জানিয়েছে, ফিলিস্তিনি শরণার্থী শিবিরের বাসিন্দারা ব্যবহার করে এমন একটি উন্মুক্ত খেলার মাঠে হামলাটি চালানো হয়েছে। লেবাননের শরণার্থী শিবিরগুলোতে কোনো সামরিক স্থাপনা নেই বলে দাবি করেছে তারা। 

ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের ভেতরে পাঁচটি পোস্ট দখল করে অবস্থান নিয়ে আছে। দেশটির দক্ষিণাঞ্চলে প্রায়ই হামলা চালাচ্ছে তারা। তাদের দাবি, ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এবং মাঝে মাঝে হামাসের সদস্যদের লক্ষ্য করে এসব হামলা চালাচ্ছে তারা।  

গত বছর ইসরায়েল ও হিজবুল্লাহ একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়। এই সমঝোতা অনুযায়ী ইসরায়েলি বাহিনীকে লেবানন থেকে পুরোপুরি প্রত্যাহার করার এবং দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর নিরস্ত্র থাকার কথা।