২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুর্স্কে ইউক্রেইনের ৭ সপ্তাহের অভিযানে নিহত ৫৬: রাশিয়া

গত ৬ অগাস্ট রাশিয়ার সীমান্তবর্তী কুর্স্কে ঢুকে হামলা শুরু করেছিল ইউক্রেইনের সেনারা। এখনও সেখানে রয়েছে ইউক্রেইনীয় বাহিনী।

কুর্স্কে ইউক্রেইনের ৭ সপ্তাহের অভিযানে নিহত ৫৬: রাশিয়া
ছবি: রয়টার্স

বিডিনিউজ২৪

রয়টার্স

Published : 23 Sep 2024, 09:50 PM

Updated : 26 Aug 2026, 10:31 AM

রাশিয়ার সীমান্তবর্তী কুর্স্ক অঞ্চলে ইউক্রেইনের ৭ সপ্তাহের অভিযানে অন্তত ৫৬ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ২৬৬ জন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় সোমবার একথা জানিয়েছে।

গত ৬ অগাস্ট কুর্স্কে ঢুকে হামলা শুরু করেছিল ইউক্রেইনের সেনারা। এখনও সেখানে রয়েছে ইউক্রেইনীয় বাহিনী।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে ৫ সেপ্টেম্বর পর্যন্ত মৃতের সংখ্যা ৩১ জন বলে জানিয়েছিল। নতুন মৃতের সংখ্যা গণনা করা হয়েছে ২০ সেপ্টেম্বর পর্যন্ত।

মন্ত্রণালয় জানিয়েছে, কুর্স্ক অঞ্চলের সবচেয়ে বিপজ্জনক এলাকা থেকে এক লাখ ৩১ হাজার নাগরিক অন্যখানে চলে গেছে।

তবে ইউক্রেইনীয় বাহিনী কিছু মানুষকে জোর করে আটকে রেখেছে বলে অভিযোগ করেছে রুশ পররাষ্ট্রমন্ত্রণালয়। এদের মধ্যে সুদঝা শহরে ৭০ থেকে ১২০ জন আটক রয়েছে বলে জানিয়েছে তারা।

এই বক্তব্যের বিষয়ে ইউক্রেইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিওরি তাইখিকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, কিইভ আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলে এবং বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে না।

রাশিয়ার ওই দাবির সত্যতা যাচাই করা সম্ভব নয় বলেও তাইখি মন্তব্য করেন। তিনি বলেন, “রাশিয়ার ভুয়া মৃতের সংখ্যা ও প্রচার-প্রপাগান্ডা চালানোর দীর্ঘ ইতিহাসের কারণে তাদের দাবির সত্যতা যাচাই করার কোনও উপায় নেই।

“রাশিয়া মাঠ পর্যায়ের প্রকৃত পরিস্থিতি দেখাতে চাইলে তারা জাতিসংঘ ও আইসিআরসি-কে সেখানে প্রবেশের অনুমতি দিতে পারে”, বলেন তাইখি।

বার্তা সংস্থা রয়টার্সও ইউক্রেইন কিংবা রাশিয়া কোনও পক্ষেরই দেওয়া যুদ্ধক্ষেত্রের তথ্য তাৎক্ষণিকভাবে যাচাই করে দেখতে পারেনি। দুই পক্ষই লড়াইয়ে বেসামরিক নাগরিকদেরকে হামলার লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করে আসছে।

কুর্স্কে ইউক্রেইনের এই অভিযান কিইভের ভাষ্যমতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার মাটিতে তাদের সবচেয়ে বড় আক্রমণ। রুশ বাহিনীকে ইউক্রেইনের ভেতরে হামলা করা থেকে বিরত রাখতে রাশিয়ার ভূখন্ডে এই আক্রমণ চালাচ্ছে তারা।

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এমাসের শুরুর দিকে বলেছিলেন, তার সেনারা কুর্স্ক অঞ্চলে ১৩০০ বর্গকিলোমিটারেরও বেশি এলাকায় ১০০টি বসতি নিয়ন্ত্রণে নিয়েছে। তবে রাশিয়া বলছে, তারা পাল্টা হামলা চালিয়ে কিছু গ্রাম পুনর্দখল করেছে।