Published : 14 Jul 2026, 12:32 AM
রাশিয়ার অভ্যন্তরে গভীর আঘাত হানার উদ্দেশ্যে ইউক্রেইনের বড় আকৃতির ফিক্সড-উইং (স্থির ডানার) ড্রোন ও বেলুন থেকে রুশ ভূখণ্ডে ফেলা পশ্চিমাদের তৈরি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালিত এফপিভি ড্রোন জব্দের দাবি করেছে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)।
সোমবার এফএসবি জানায়, ড্রোনগুলো প্রথমে ইউক্রেইন সীমান্তের কাছাকাছি ব্রিয়ানস্ক অঞ্চলে ফেলা হয়।
এরপর ইউক্রেইনীয় এজেন্টরা গৃহস্থালি জিনিসপত্র বোঝাই এবং গোপন তলদেশযুক্ত (ফলস বটম) ট্রেলারে করে ড্রোনগুলো রাশিয়ার ভেতর দিয়ে উরাল পর্বতমালার চেলিয়াবিনস্ক অঞ্চল এবং দূরপ্রাচ্যের আমুর অঞ্চলে নিয়ে যায়।
সংস্থাটি আরও জানায়, ওই অঞ্চলের শাগোল এবং ইউক্রাইঙ্কা বিমানঘাঁটিতে হামলার পরিকল্পনা ছিল তাদের। তবে এই নাশকতার পরিকল্পনাকারীদের ইতিমধ্যে আটক করা হয়েছে।
এফএসবির দাবি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এবং সুইডেনে তৈরি এই ড্রোনগুলোর প্রতিটিতে এক কেজিরও বেশি বিস্ফোরক ছিল।
এছাড়া, রাশিয়ার জ্যামিং (সংকেত প্রতিরোধী) ব্যবস্থা এড়াতে এগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তার নেভিগেশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
নস্যাৎ হওয়া এই অভিযানটি ২০২৫ সালের রুশ সামরিক বিমানঘাঁটিতে চালানো 'স্পাইডার্স ওয়েব' (মাকড়সার জাল) নামের একটি হামলার কথা মনে করিয়ে দেয়।
সে সময় ওই হামলায় প্রায় ২০টি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং লক্ষ্যবস্তুর মধ্যে এই ইউক্রাইঙ্কা ঘাঁটিও ছিল।
২০২৫ সালের ওই হামলায় ড্রোনগুলোকে লক্ষ্যবস্তুর কাছাকাছি নিয়ে যেতে সংকোচনযোগ্য ছাদ ও কাঠের তৈরি শেডবাহী ট্রাক ব্যবহার করা হয়েছিল।
সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার তেল শোধনাগার এবং প্রতিরক্ষা খাতের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোতে হামলা জোরদার করেছে ইউক্রেইন।
ইউক্রেইন সীমান্ত থেকে হাজার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুগুলোতেও আঘাত হানছে তারা। এসব হামলায় বড় বড় তেল শোধনাগারের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় রাশিয়া জুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে পশ্চিমা-বিরোধী সুর আরও কঠোর করেছে রাশিয়া। দেশটির ভূখণ্ডে ইউক্রেইনের দূরপাল্লার হামলার পেছনে পশ্চিমাদের সরাসরি জড়িত থাকার অভিযোগ তুলছে মস্কো।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গত সপ্তাহে জানান যে, ইউক্রেইনকে পশ্চিমাদের সমর্থনের কারণেই সেখানে চালানো ‘বিশেষ সামরিক অভিযান’ এখন পুরোদস্তুর যুদ্ধে রূপ নিয়েছে।