Published : 03 Dec 2025, 10:51 PM
দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি কিম কিওন হি’র বিরুদ্ধে স্টক জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে ১৫ বছরের কারাদণ্ড দাবি করেছেন কৌসুঁলিরা।
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের স্ত্রী কিম কিওন হি। গত বছর ইওলের সংক্ষিপ্ত সময়ের জন্য সামরিক আইন প্রয়োগ এবং তিনি ও তার স্ত্রীর অন্যান্য কেলেঙ্কারি তদন্তের প্রেক্ষাপটে এই মামলা হয়েছে।
কিম কিওন হি গত আগস্টে গ্রেপ্তার হন। স্টক ম্যানিপুলেশন পরিকল্পনা, রাজনৈতিক তহবিল সংগ্রহ আইন ভঙ্গ করা এমনকি ধর্মীয় একটি সংগঠন থেকে উপহার গ্রহণের অভিযোগ আছে তার বিরুদ্ধে। তাছাড়া, পার্লামেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগও আনা হয়েছে কিওন হি’র বিরুদ্ধে।
ইউন সুক ইওলের মার্শাল ল জারির প্রথম বর্ষপূর্তির দিন বুধবারই কিওন হি’র বিচারকাজ চলার সময় কৌসুঁলিরা তার বিরুদ্ধে আদালতে শেষ যুক্তিতর্ক উপস্থাপন করেছেন।
তারা আদালতের কাছে কিমকে ১৫ বছরের কারাদণ্ড এবং কয়েকশ কোটি ওন জরিমানার দাবি জানান। সিউল সেন্ট্রাল জেলা আদালত ২৮ জানুয়ারি এই মামলার রায় ঘোষণা করবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কিম কিওন হি বুধবার কালো কোট ও স্কার্ট পরে বিষণ্ণ মুখে আদালতে হাজির হন এবং মানুষের উদ্বেগের কারণ হওয়ার জন্য প্রকাশ্যে ক্ষমা চান। তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন কিওন হি।