২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কূটনৈতিক চেষ্টা ব্যর্থ হলে নাইজারে অভিযান চালাব: পশ্চিম আফ্রিকা জোট

যে কোনও পন্থায় নাইজারে সাংবিধানিক শৃঙ্খলা ফেরানো হবে- বলেছেন ইকোওয়াস জোটের রাজনীতি, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কমিশনার।

কূটনৈতিক চেষ্টা ব্যর্থ হলে নাইজারে অভিযান চালাব: পশ্চিম আফ্রিকা জোট

ছবি: রয়টার্স।

রয়টার্স

Published : 17 Aug 2023, 10:41 PM

Updated : 18 Aug 2023, 12:12 AM

নাইজারে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা জান্তাকে সরিয়ে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাজোমকে ক্ষমতায় ফেরানোর কূটনৈতিক চেষ্টা ব্যর্থ হলে দেশটিতে সামরিক অভিযান চালাতে পশ্চিম আফ্রিকা জোট ‘ইকোওয়াস’ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে।

বৃহস্পতিবার ঘানায় বৈঠকে বসা সেনা প্রধানরা অভিযান চালাতে প্রস্তুত বাহিনী (স্ট্যান্ডবাই ফোর্স) নিয়ে আলোচনা করবেন বলে জানান এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

ইকোওয়াসের রাজনীতি, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কমিশনার আব্দেল-ফাতাউ মুশাহ বলেছেন, “এ ব্যাপারে কারও সন্দেহের কোনও অবকাশ নেই যে, সবকিছুই যদি ব্যর্থ হয়…পশ্চিম আফ্রিকার সাহসী বাহিনী দায়িত্ব পালনের ডাকে সাড়া দিতে প্রস্তুত আছে।

“যে কোনও পন্থায় দেশটিতে সাংবিধানিক শৃঙ্খলা ফেরানো হবে,” বলেন তিনি।

গত ২৬ জুলাই অভ্যুত্থানের মাধ্যমে নাইজারের ক্ষমতা দখল করে দেশটির প্রেসিডেন্সিয়াল গার্ড। পরে সেনাবাহিনী ওই অভ্যুত্থানে সমর্থন দেয়। ক্ষমতা দখল করা জান্তা বাহিনীকে প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে পশ্চিম আফ্রিকার নেতারা সময় বেঁধে দিয়েছিলেন। সে সময়সীমা শেষ হয়েছে।

নাইজারের জান্তা বাহিনীকে ক্ষমতা হস্তান্তর করে ঘাঁটিতে ফিরে যাওয়ার আল্টিমেটাম দিয়েছিল ‘দ্য ইকোনোমিক কমিউনিটি অব ওয়েস্টার্ন আফ্রিকান স্টেটস (ইকোওয়াস)। নাইজারের জান্তা তা উপেক্ষা করেছে। আল্টিমেটাম না মানলে ইকোওয়াসের পক্ষ থেকে প্রয়োজনে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়া হয়েছিল।

নাইজারে ‘যত দ্রুত সম্ভব’ সামরিক হস্তক্ষেপের পদক্ষেপও এরই মধ্যে অনুমোদন করেছে পশ্চিম আফ্রিকার দেশগুলো। যদিও তারা এখনও সংকটের শান্তিপূর্ণ সমাধানকেই গুরুত্ব দিচ্ছে।