৩ দেশের বিরুদ্ধে মামলা করতে পারে ইউক্রেইন
“আমরা আরও কিছু পণ্যের উপর এর প্রতিশোধ নিতে বাধ্য হব এবং পোল্যান্ড থেকে ফল ও সবজি আমদানি বন্ধ করে দেব।”
নিজ নিজ দেশের কৃষকদের সুরক্ষার কথা বলে ইউক্রেইন থেকে শস্য ও তেলবীজ আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে পোল্যান্ড, স্লোভাকিয়া ও হাঙ্গেরি। তাদের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কিইভ মামলা করার পরিকল্পনা করছে বলে সোমবার খবর প্রকাশ করেছে সংবাদ সাময়িকী পলিটিকো।
ইউক্রেইনের বাণিজ্য প্রতিনিধি টারাস কাচকা পলিটিকোকে বলেন, “আমরা আরও কিছু পণ্যের উপর এর প্রতিশোধ নিতে বাধ্য হব এবং পোল্যান্ড থেকে ফল ও সবজি আমদানি বন্ধ করে দেব।”
আগ্রাসন শুরুর পর কৃষ্ণসাগরের বন্দরগুলো রাশিয়ার হাতে চলে যাওয়ায় বিশ্বের অন্যতম শীর্ষ শস্য রপ্তানিকারক দেশ ইউক্রেইনকে এখন প্রতিবেশী দেশগুলোর ভেতর দিয়ে সড়ক, রেলপথ ও নৌপথে শস্য রপ্তানি করতে হচ্ছে।
নানা জটিলতায় ওইসব শস্য বিশ্ববাজারে পৌঁছাতে দেরি হওয়ায় প্রতিবেশীদের বাজার ইউক্রেইনের শস্যে সয়লাব হয়ে গেছে, কমে গেছে পণ্যের দাম। বিপাকে পড়েছে স্থানীয় কৃষিখাত।
এমন পরিস্থিতিতে গত মে মাসে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইউক্রেইনের প্রতিবেশী পাঁচ দেশে সেদেশের শস্য আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে। যদিও তারপরও সেই দেশগুলোর ভেতর দিয়ে ইউক্রেইনের শস্য রপ্তানির সুযোগ ছিল। শুধু শর্ত ছিল সেগুলো অন্যত্র বিক্রি করতে হবে।
কিন্তু ইউক্রেইনের অনুরোধে গত শুক্রবার ইইউ তাদের সেই নিষেধাজ্ঞা তুলে নেয়। এরপরই নিজস্ব নিষেধাজ্ঞা আরোপ করে ওই তিন দেশ।
যে নিষেধাজ্ঞাকে ‘হাস্যকর’ বলে বর্ণনা করে ইউক্রেইনের বাণিজ্য প্রতিনিধি কাচকা বলেন, প্রতিবেশীদের বাজারে ইউক্রেইনের শস্য কোনো প্রভাব ফেলবে না ‘এমন দায়িত্ব নিতে প্রস্তুত আছে কিইভ’।
ইইউ’র সদস্য হয়েও ব্রাসেলসের বক্তব্যে আস্থা না রাখাটাকেও তিনি ‘বড় ধরনের উদ্বেগ’ বলেছেন। তিনি জানান, এই তিন দেশের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় মামলা করার পরিকল্পনাও করছে কিইভ।
সংবাদ সূত্র:পলিটিকো
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
