তুরস্কে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত বেড়ে ৪০
উত্তরাঞ্চলীয় বারতিন প্রদেশের আমাসরা কয়লা খনিতে বিস্ফোরণের সময় প্রায় ১১০ জন লোক কাজ করছিল।
তুরস্কের একটি ভূগর্ভস্থ কয়লা খনিতে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪০ হয়েছে। এখনো অন্তত ১৫ জন আটকা পড়ে আছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
উত্তরাঞ্চলীয় বারতিন প্রদেশের ওই খনিতে বিস্ফোরণের সময় প্রায় ১১০ জন লোক কাজ করছিল এবং তাদের প্রায় অর্ধেক ৩০০ মিটারেরও বেশি গভীরে ছিল বলে জানিয়েছে বিবিসি।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেয়মান সোয়লু এর আগে বলেছিলেন, শুক্রবার রাত বিস্ফোরণের পর খনি থেকে ৫৮ জনকে উদ্ধার করা হয়েছে।
আটকরা পড়াদের জীবিত উদ্ধারে উদ্ধরকর্মীরা রাতভর কাজ করেছেন। তারা খনি খুড়ে আটকে পড়াদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন।
ভিডিও ফুটেজে দেখা গেছে, কৃষ্ণ সাগরের উপকূলে আমাসরা খনিটি থেকে উদ্ধারকারীদের সঙ্গে খনি শ্রমিকরা বের হয়ে আসছেন, তাদের পুরো শরীর কালো হয়ে আছে এবং চোখগুলো ঘোলাটে; যারা নিখোঁজ রয়েছেন তাদের পরিবার ও বন্ধুরা প্রিয়জনের খবরের জন্য খনিটিতে উদ্বিগ্নভাবে অপেক্ষা করছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সোয়লু জানিয়েছেন, ভূপৃষ্ঠের প্রায় ৩০০ মিটার গভীরে বিস্ফোরণটি ঘটে। ৩০০ থেকে ৩৫০ মিটার গভীরের ‘ঝুঁকিপূর্ণ’ অংশে প্রায় ৪৯ জন শ্রমিক কাজ করছিল।
তিনি বলেন, ‘‘৫৮ জনকে আমরা জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমরা হিসাব করে দেখেছি আরো প্রায় ১৫ শ্রমিক খনির ভেতর আটকা পড়ে আছেন। উদ্ধারকর্মীরা তাদের উদ্ধারের চেষ্টা করছে।”
খনিতে বিক্ষোরণের কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
তুরস্কের জ্বালানিমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফায়ারড্যাম্পের কারণে বিস্ফোরণ ঘটেছে। সাধারণত কয়লা খনিতে মিথেন গ্যাস জমে এ ধরণের বিস্ফোরণ হয়।
তিনি বলেন, ‘‘আমরা একটি সত্যিকারের দুঃখজনক পরিস্থিতির মুখোমুখি হয়েছি।”
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের শনিবার দুর্ঘটনা কবলিত এলাকা পরিদর্শণে যাওয়ার কথা রয়েছে।
আমাসরার মেয়র রেজাই জাকির জানিয়েছেন, যাদের উদ্ধার করা হয়েছে তাদের অনেকেই ‘গুরুতর আহত’ হয়েছে।
উদ্ধারপাওয়া এক শ্রমিক বলেন, “জায়গাটি ধোঁয়ায় ও ধূলায় ছেয়ে গিয়েছিল। আসছে কী হয়েছে তা জানি না আমরা।”
খনিটি তুরস্কের রাষ্ট্রায়ত্ত কোম্পানি তুর্কিশ হার্ড কোল এন্টারপ্রাইজের কর্তৃত্বাধীন।
তুরস্কে সবচেয়ে প্রাণঘাতী কয়লা খনি দুর্ঘটনা ঘটেছিল ২০১৪ সালে, পশ্চিমাঞ্চলীয় শহর সোমার ওই খনি দুর্ঘটনায় ৩০১ জন নিহত হয়েছিল।
