২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাইসির হেলিকপ্টার দুর্ঘটনায় মর্মাহত আজারবাইজান, পাশে থাকার বার্তা

ইরান-আজারবাইজান সীমান্ত এলাকায় একটি বাঁধ প্রকল্প উদ্বোধনের পর ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের শহর তাবরিজে ফেরার সময় দুর্ঘটনায় পড়ে প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2024, 11:52 PM

Updated : 26 Aug 2026, 09:36 AM

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার খবর শুনে ‘গভীরভাবে মর্মাহত’ বলে জানিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম অলিয়েভ।

এ দুর্ঘটনার পর ইরানের পাশে থাকার বার্তা দিয়ে তিনি বলেছেন, তার দেশ তেহরানকে যে কোনও সহায়তা করতে প্রস্তুত।

এক্সে এক পোস্টে তিনি লেখেন, “আজ বন্ধুত্বপূর্ণ পরিবেশে ইসলামিক রিপাবলিক ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বিদায় জানানোর পর তাকে বহনকারী হেলিকপ্টার ইরানে বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে আমি গভীরভাবে মর্মাহত।

“রাইসি ও তার সফরসঙ্গীদের জন্য আমরা সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করছি। ইরানের একটি প্রতিবেশী, বন্ধু এবং ভাতৃপ্রতীম দেশ হিসাবে রিপাবলিক অব আজারবাইজান তাদেরকে প্রয়োজনীয় যে কোনও সহায়তা করতে প্রস্তুত।”

রোববার ইরান-আজারবাইজান সীমান্ত এলাকায় একটি বাঁধ প্রকল্প উদ্বোধনের পর পূর্ব আজারবাইজান প্রদেশের শহর তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি। 

পথে ঘন কুয়াশার মধ্যে হেলিকপ্টারটি আজারবাইজান সীমান্ত সংলগ্ন জোলফা শহরের কাছের পার্বত্যাঞ্চলে দুর্ঘটনায় পড়ে।

হেলিকপ্টারে রাইসির সঙ্গে ভ্রমণ করছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমিরাব্দুল্লাহিয়ানও। দুর্ঘটনার পর প্রেসিডেন্ট রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আমিরাব্দুলাহিয়ানের জীবন ঝুঁকির মুখে রয়েছে বলে জানিয়েছেন ইরানের এক কর্মকর্তা।