১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভূমিধসে ২ মৃত্যু, নিখোঁজ ২১

কয়েকদিনের ভারি বৃষ্টিপাতের পর বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে প্রদেশটির চিলাচাপ জেলার তিনটি গ্রামের কয়েক ডজন বাড়ি ভূমিধসের কবলে পড়ে।

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভূমিধসে ২ মৃত্যু, নিখোঁজ ২১
ভূমিধসের পর চলছে উদ্ধার অভিযান। ছবি: চিলাচাপ দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2025, 02:42 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

ইন্দোনেশিয়ায় সেন্ট্রাল জাভা প্রদেশে ভূমিধসে অন্তত ২ জনের মৃত্যুর খবর দিয়েছেন দেশটির কর্মকর্তারা।

নিখোঁজ আরও ২১ জনের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।  

টানা কয়েকদিনের ভারি বৃষ্টিপাতের পর বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে প্রদেশটির চিলাচাপ জেলার তিনটি গ্রামের কয়েক ডজন বাড়ি ভূমিধসের কবলে পড়ে বলে শুক্রবার দেওয়া বিবৃতিতে জানিয়েছেন এক কর্মকর্তা। 

“শুক্রবার সকাল পর্যন্ত যৌথ উদ্ধারকারী দল ২৩ জনকে জীবিত উদ্ধার করেছে। দুইজনকে মৃত পাওয়া গেছে, ২১ জনের সন্ধানে খোঁজ অব্যাহত আছে,” বিবৃতিতে ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আবদুল মুহারি এ কথা বলেছেন বলে জানিয়েছে আল জাজিরা।

উদ্ধারকারীরা মাটি খোঁড়ার নানান সরঞ্জামসহ ভারি যন্ত্রপাতি ব্যবহার করছেন। 

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূতত্ত্ব সংস্থা কয়েকদিন আগেই আসছে সপ্তাহগুলোতে বেশ কিছু অঞ্চলে তুমুল বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসের পূর্বাভাস দিয়েছিল। 

দেশটিতে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত চলা বর্ষাকালে নিয়মিত বন্যা ও ভূমিধসের দেখা মেলে। ১৭ হাজারের মতো ছোট বড় দ্বীপের সমন্বয়ে গঠিত ইন্দোনেশিয়ার বেশিরভাগ মানুষ হয় পাহাড়ি এলাকা নয়তো বন্যাপ্রবণ উর্বর সমতলে বসবাস করে।  

জলবায়ু পরিবর্তনের কারণে ওই এলাকায় ঝড়ের গতিপ্রকৃতি ও মৌসুমের দৈর্ঘ্য বদলে গেছে। যে কারণে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে প্রায়ই ভারি বৃষ্টিপাত, হঠাৎ বন্যা, দমকা বাতাসের দেখা মিলছে। 

এ মাসের শুরুর দিকেও দেশটির দুর্গম পাপুয়া অঞ্চলে হঠাৎ বন্যা ও ভূমিধসে ১৫ জনের মৃত্যুর খবর মেলে, এখনও নিখোঁজ ৮ জন। 

চলতি বছরের জানুয়ারিতে সেন্ট্রাল জাভা প্রদেশে ভূমিধসে ও বন্যায় ভেসে গিয়ে ২০ জনের বেশি বাসিন্দার মৃত্যু হয়েছিল।