২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

মক্কা প্রতিরক্ষা জোটের মহাসচিব হলেন পাকিস্তানের নোমান মাহমুদ

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে তাকে মক্কা জোটের মহাসচিব করার কথা বলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Sep 2026, 12:32 AM

Updated : 24 Sep 2026, 12:32 AM

সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানকে নিয়ে গঠিত মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নোমান মাহমুদ।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিজ্ঞপ্তিতে দেশটির সাবেক এই সেনা কর্মকর্তাকে মক্কা প্রতিরক্ষা জোটের দায়িত্ব দেয় বলে খবর প্রকাশ করেছে জিও নিউজ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নোমান মাহমুদ মহাসচিব হিসেবে সৌদি আরবের রিয়াদে স্থাপিত হতে যাওয়া এই জোটের কার্যালয় পরিচালনা করবেন।

অবশ্য এর আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান গত মাসে বলেছিলেন যে, তিন দেশের মধ্যে হওয়া প্রতিরক্ষা চুক্তি ‘মক্কা ডিফেন্স অ্যালায়েন্স’-এর মহাসচিব হবেন পাকিস্তানের একজন কর্মকর্তা। তার ধারাবাহিকতায়ই এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হল।

অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নোমান মাহমুদ এর আগে ২০২১ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত পাকিস্তানের সামরিক বাহিনীর ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৭ সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভ করা এই কর্মকর্তা ২০২৩ সালে অবসরে যান।

পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ক গত ৭ অগাস্ট ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করে, যা পরবর্তীতে ‘মক্কা প্রতিরক্ষা জোট’ নামে পুনর্নামকরণ করা হয়।

গত মাসে ইস্তাম্বুলে এই ত্রিপক্ষীয় চুক্তির অধীনে গঠিত কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির উদ্বোধনী বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশও এই জোটে যোগ দেওয়ার বিষয়ে ইতিবাচক আগ্রহ প্রকাশ করেছে।