১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

অভিবাসন প্রত্যাশীদের নৌকা ডুবে গাম্বিয়ায় ৭ জনের মৃত্যু, বহু নিখোঁজ

মৃতদের মধ্যে কয়েকজন গাম্বিয়ার নাগরিক নন; তাদের পরিচয় এখনো যাচাই করা হচ্ছে।

অভিবাসন প্রত্যাশীদের নৌকা ডুবে গাম্বিয়ায় ৭ জনের মৃত্যু, বহু নিখোঁজ
ফাইল ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2026, 04:26 PM

Updated : 26 Aug 2026, 05:29 PM

নৌপথে ইউরোপে যাওয়ার চেষ্টার সময় গাম্বিয়া উপকূলে প্রায় দুইশ অভিবাসন প্রত্যাশীকে নিয়ে একটি নৌকা ডুবে গেছে। তাতে সাতজনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছে বহু মানুষ।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার গভীর রাতে নর্থ ব্যাংক অঞ্চলের জিনাক গ্রামের কাছে নৌকাটি ডুবে যায়, পরে সেটিকে একটি ‘বালুচরে আটকে’ থাকতে দেখা যায়।

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশে রওনা হওয়া নৌকাটির ৯৬ আরোহীকে উদ্ধার করা হয়েছে এবং অন্যদের উদ্ধারে অনুসন্ধান চলছে।

বিবিসি লিখেছে, আটলান্টিক মহাসাগর পাড়ির দেওয়ার এ বিপজ্জনক পথটি আফ্রিকান অভিবাসীদের কাছে ইউরোপে যাওয়ার সাধারণ পথ হয়ে উঠছে।

২০২৪ সালে প্রায় ৪৭ হাজার মানুষ ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছে। স্পেনের বেসরকারি সংস্থা ‘কামিনান্দো ফ্রন্তেরাস’র হিসাব অনুযায়ী, ইউরোপে পৌঁছানোর এ যাত্রাপথে নয় হাজারের বেশি অভিবাসী প্রাণ হারিয়েছেন।

বুধবারের দুর্ঘটনার পর গাম্বিয়ান নৌবাহিনী একটি অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে জানিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এ অভিযানে একাধিক নৌযান এবং সহায়তায় এগিয়ে আসা একটি মাছ ধরার নৌকা অংশ নেয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতদের মধ্যে কয়েকজন গাম্বিয়ার নাগরিক নন; তাদের পরিচয় এখনো যাচাই করা হচ্ছে।

বিবিসি লিখেছে, ডুবে যাওয়া সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার হওয়াদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক; তারা জরুরি চিকিৎসা সেবা পাচ্ছেন।

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যেতে পশ্চিম আফ্রিকার অভিবাসী ও আশ্রয় প্রার্থীদের কাছে গাম্বিয়াকে যাত্রাবিন্দু হিসেবে ব্যবহারের প্রবণতা বাড়ছে। 

সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপীয় ইউনিয়ন অবৈধ অভিবাসন কমানোর লক্ষ্যে উত্তর আফ্রিকার একাধিক দেশের সঙ্গে চুক্তি করেছে। তবে তাতে অনেক অভিবাসী দীর্ঘ ও আরও বিপজ্জনক আটলান্টিক মহাসাগরীয় পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন।