Published : 11 Aug 2026, 09:45 PM
ইরানের সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে মুখ খুলেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, মুজতাবা শারীরিকভাবে ‘পুরোপুরি সুস্থ’ আছেন।
মুজতাবার সঙ্গে সম্প্রতি দীর্ঘ ৭ ঘণ্টার বৈঠক করেন পেজেশকিয়ান। এরপরই ইরানের রাষ্ট্রপরিচালিত আইআরআইবি টিভিতে সোমবার এক সাক্ষাৎকারে সর্বোচ্চ নেতার স্বাস্থ্য নিয়ে ওই কথা বলেন তিনি।
ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান বৈঠকের কথা উল্লেখ করে বলেন, সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠকে দেশের মানুষের জীবনযাত্রা, কর্মসংস্থান, আবাসনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
“বৈঠক ‘খুব ভাল’ হয়েছে এবং সর্বোচ্চ নেতা জাতীয় ঐক্য ও সংহতিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে গুরুত্ব দিয়েছেন। আমরা নিষেধাজ্ঞা থেকে হওয়া সমস্যা নিয়েও আলোচনা করেছি,” বলেন তিনি।
ইরানের গণমাধ্যম গত রোববার সর্বোচ্চ নেতা মুজতাবার সঙ্গে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বৈঠক হওয়ার খবর জানায়।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মাঝে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করলে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন।
এরপরই আলি খামেনির জায়গায় স্থলাভিষিক্ত করা হয় তার ছেলে মুজতবা খামেনিকে। তবে মুজতাবা ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার পর থেকে কখনও জনসম্মুখে আসেননি।