মোদীর সঙ্গে কথা বলবেন ট্রাম্প, বাণিজ্য চুক্তির বিষয়ে আশাবাদ
ট্রাম্প সুর পরিবর্তন করে বলেছেন, তিনি মোদীর সঙ্গে ‘আসছে সপ্তাহগুলোতে’ কথা বলার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তার প্রশাসন ভারতের সঙ্গে বাণিজ্যে বাধাগুলো সমাধান করতে আলোচনা চালিয়ে যাচ্ছে আর তিনি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলবেন।
এতে দুই দেশের মধ্যে কয়েক সপ্তাহ ধরে চলা বিরোধের পর একটি চুক্তির আশা জাগছে বলে লিখেছে বার্তা সংস্থা রয়টার্স।
ট্রাম্প স্পষ্ট সুর পরিবর্তন করে বলেছেন, তিনি মোদীর সঙ্গে ‘আসছে সপ্তাহগুলোতে’ কথা বলার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। তারা একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
সামাজিক মাধ্যমে মঙ্গলবার এক পোস্টে তিনি বলেছেন, “আমি নিশ্চিত যে আমাদের উভয় মহান দেশের জন্য একটি সফল সিদ্ধান্তে আসতে কোনো সমস্যা হবে না।”
বুধবার সামাজিক মাধ্যমে এক পোস্টে মোদী ট্রাম্পের এই আশাবাদে সাড়া দিয়ে লিখেছেন, “ওয়াশিংটন আর নয়া দিল্লি ঘনিষ্ঠ বন্ধু আর স্বাভাবিক অংশীদার।”
তিনি জানান, বাণিজ্য আলোচনা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে উভয় দেশের দলগুলো কাজ করছে।
মোদী বলেছেন, “আমিও প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। আমাদের উভয়ের জনগণের জন্য আরও সমৃদ্ধ ও উজ্জ্বল একটি ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য আমরা একসঙ্গে কাজ করবো।”
ট্রাম্প গত সপ্তাহে জানিয়েছিলেন, ভারত মার্কিন পণ্যে শুল্ক শূন্যতে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে। তিনি আরও বলেছিলেন, ভারত এই প্রস্তাব দিতে দেরি করে ফেলেছে আর কয়েক বছর আগেই তাদের মাশুল হ্রাস করা উচিত ছিল।
কয়েক মাস ধরে পাল্টাপাল্টি কথা চালাচালিতে যুক্তরাষ্ট্র-ভারতের সম্পর্ক নাজুক হওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প সুর পাল্টে এই উৎসাহী বার্তা দিলেন।
চলতি সপ্তাহে ভারতের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রে ভারতীয় রপ্তানি পণ্যের ওপর ট্রাম্পের আরোপ করা ৫০ শতাংশ শুল্কের কারণে চলতি বছর ভারতের মোট দেশজ উৎপাদন অর্ধেক হ্রাস পেতে পারে।
ট্রাম্প ইউক্রেইনে মস্কোর যুদ্ধ বন্ধে তার প্রচেষ্টায় সহায়তা করতে রাশিয়া থেকে তেল কেনা বন্ধের জন্য নয়া দিল্লিকে চাপ দিয়েছিলেন। কিন্তু নয়া দিল্লি তার চাপ উপেক্ষা করে রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখার ঘোষণা দেয়। এরপর ট্রাম্প ভারতের ওপর উচ্চ শুল্ক আরোপ করেন।
মঙ্গলবার ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্প ভারত ও চীন থেকে আমদানি করা পণ্যে শতভাগ শুল্ক আরোপের জন্য ইউরোপীয় ইউনিয়নকে চাপ দিচ্ছেন।
