২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের সর্বাধুনিক স্যাটেলাইটই ইলন মাস্কের ‘ট্রাম্প কার্ড’

ইলন মাস্কের স্পেসএক্স  কোম্পানির ফ্যালকন ৯ রকেটে করে আগামী সপ্তাহে উৎক্ষেপণ করা হবে ভারতের সর্বাধুনিক যোগাযোগ স্যাটেলাইট জিস্যাট এন-২। স্পেসএক্স এবং ভারতের ইসরোর এটিই প্রথম বাণিজ্যিক উদ্যোগ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2024, 04:13 PM

Updated : 26 Aug 2026, 10:56 AM

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের 'দ্য ফার্স্ট বাডি' ইলন মাস্কের স্পেসএক্স  কোম্পানি ভারতের মহাকাশ  গবেষণা সংস্থা ইসরোর সঙ্গে কয়েক কোটি  ডলারের চুক্তির সুবিধাভোগী হয়েছে।

এনডিটিভি জানায়, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে উৎক্ষেপণ করা হবে ভারতের সর্বাধুনিক যোগাযোগ স্যাটেলাইট জিস্যাট-২০, যা জিস্যাট এন-২ নামেও পরিচিত। স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটে করেই এ স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। 

এ এক ঐতিহাসিক মাইলফলক। কারণ, ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) এই প্রথম ইলন মাস্কের স্পেসএক্স এর সঙ্গে বাণিজ্যিক ভিত্তিতে কোটি কোটি ডলারের চুক্তিতে কাজ করছে।

যদিও কেউ কেউ বলছেন, ইসরো এবং স্পেসএক্স কম খরচে স্যাটেলাইট উৎক্ষেপণে একে অপরের প্রতিযোগী। তবে বৈশ্বিক বাণিজ্যিক মহাকাশের বাজারে স্পেসএক্স যে অনেক এগিয়ে রয়েছে তাতে কারও সন্দেহ নেই।

ডনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে সম্পর্ক দারুণ। তারা একে অপরকে 'আমার বন্ধু' বলে সম্বোধন করেন। বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক বলেন, তিনি মোদীর ভক্ত।

ভারত ও যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সম্পর্ক এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের ব্যক্তিগত সুসম্পর্ক এই চুক্তিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। 

তবে উল্লেখযোগ্য বিষয় হল, এই চুক্তি যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলের আগেই ঠিক হয়েছিল। তাই একে “স্বজনতোষী পুঁজিবাদ” বলে সমালোচনা করার সুযোগ নেই।

জিস্যাট-এন২ উৎক্ষেপণ করা হবে আমেরিকার কেপ ক্যানাভেরাল থেকে। ইসরোর তৈরি ৪,৭০০ কেজি ওজনের এই স্যাটেলাইট ভারতীয় রকেটের পক্ষে বহন করা কঠিন ছিল। 

তাই এই ভারি স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য বিদেশি রকেটের ওপরই নির্ভর করতে হত ভারতকে। ভারতের নিজস্ব রকেট 'দ্য বাহুবলী' বা ‘লঞ্চ ভেহিকল মার্ক-৩’ এর উত্তোলন ক্ষমতা ৪,০০০-৪,১০০ কেজি।

ভারত দীর্ঘদিন ধরে আরিয়ানস্পেসের রকেট ব্যবহার করলেও বর্তমানে এই সংস্থার কোনও রকেট কার্যকরী নেই।  আবার ওদিকে, ভারতকে রকেট নিশ্চিতভাবেই দেবে না চীন। তাছাড়া, ইউক্রেইন যুদ্ধের কারণে রাশিয়াও বাণিজ্যিকভাবে স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য ভারতকে রকেট সরবরাহ করতে পারছে না। 

তাই ভারতের কাছে একমাত্র নির্ভরযোগ্য বিকল্প হয়ে উঠেছে ইলন মাস্কের স্পেসএক্স। আর যুক্তরাষ্ট্র থেকে উৎক্ষেপণের অপেক্ষায় থাকা ভারতের অত্যাধুনিক এ স্যাটেলাটই এখন ইলন মাস্কের 'ট্রাম্প' কার্ড।

ইসরোর বেঙ্গালুরুভিত্তিক বাণিজ্যিক শাখা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের (এনএসআইএল) চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রাধাকৃষ্ণন দুরাইরাজ এনডিটিভি-কে বলেন,  “এই উৎক্ষেপণের জন্য আমরা অত্যন্ত লাভজনক একটি চুক্তি করতে সক্ষম হয়েছি। প্রযুক্তিগত সামঞ্জস্য এবং বাণিজ্যিক শর্তাবলীর দিক থেকে এটি আমাদের জন্য সঠিক সিদ্ধান্ত হয়েছে।”

জিস্যাট এন-২ স্যাটেলাইটটি ৩২টি ব্যবহারকারী বিম এবং ১৪ বছরের মিশন লাইফ সহ ডিজাইন করা হয়েছে। এটি ভারতের উত্তর-পূর্ব অঞ্চল এবং বাকি অংশে উন্নত যোগাযোগ ব্যবস্থায় সুবিধা বয়ে আনবে। এমনকি এটি বিমানেও ইন্টারনেট সংযোগে সহায়ক হবে। এই ৩২টি বিম ভারতের মূল ভূখণ্ডে অবস্থিত হাব স্টেশন থেকে নিয়ন্ত্রণ করা হবে। 

২০২৩ সালে ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকে ইলন মাস্ক বলেছিলেন, “আমি ভারতের ভবিষ্যত নিয়ে অনেক বেশি আশাবাদী। বিশ্বের যে কোনও বড় দেশের চেয়ে ভারত অন্যতম সম্ভাবনাময় একটি দেশ।”

ধারণা করা হচ্ছে, ভারতের যোগাযোগ স্যাটেলাইটটি উত্তোলনের জন্য ফ্যালকন ৯ রকেটের বাণিজ্যিক উৎক্ষেপণে ব্যয় হবে ৬ কোটি থেকে ৭ কোটি ডলার।