২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

হুমকির খবরে করাচির হোটেলে কর্মকর্তাদের যাতায়াত সীমিত করল যুক্তরাষ্ট্র

অভিজাত লোকজন যায় এমন হোটেলগুলোতে হামলার হুমকির খবর পেয়েছে করাচির মার্কিন কনসুলেট জেনারেল।

হুমকির খবরে করাচির হোটেলে কর্মকর্তাদের যাতায়াত সীমিত করল যুক্তরাষ্ট্র
সন্ধ্যার করাচিতে কয়েকটি বাণিজ্যিক ব্যাংকের ভবন। ফাইল ছবি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2025, 01:25 PM

Updated : 26 Aug 2026, 01:29 PM

হুমকির খবরে পাকিস্তানের করাচির অভিজাত হোটেলগুলোতে মার্কিন সরকারি কর্মকর্তাদের যাতায়াত সীমিত করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।  

শুক্রবার এক নিরাপত্তা সতর্কবার্তায় তারা বলেছে, “করাচির মার্কিন কনসুলেট জেনারেল অভিজাত লোকজন যায় এমন হোটেলগুলোতে হামলার হুমকির খবর পেয়েছে।

“আপাতত এসব হোটেলে মার্কিন সরকারি কর্মীদের যাতায়াত সীমিত করেছে করাচির মার্কিন কনসুলেট।”

এমন হুমকির ক্ষেত্রে কখনো কখনো পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন সরকারি কর্মীদের বিভিন্ন দেশের পর্যটন কেন্দ্র, হোটেল, বাজার, শপিং মল ও রেস্তোরাঁয় যাওয়া নিষিদ্ধ করে দেয় বলে মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।  

সতর্কবার্তায় মার্কিন পররাষ্ট্র দপ্তর এসব হোটেল সংলগ্ন এলাকার পাশাপাশি ভিড় এড়িয়ে চলতে, চোখে পড়ার মতো আচরণ না করতে এবং বিদেশি পর্যটক বা পশ্চিমা নাগরিকরা যেসব জায়গায় বেশি যান, সেসব জায়গায় সতর্ক থাকতে বলেছে। 

পাকিস্তান ভ্রমণের ক্ষেত্রে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এখন যে ভ্রমণ নির্দেশিকা রয়েছে তাতেও সন্ত্রাসী হামলা ও সশস্ত্র সংঘাতের ঝুঁকি বিবেচনায় রেখে মার্কিন নাগরিকদের দক্ষিণ এশিয়ার দেশটিতে ভ্রমণ পুনর্বিবেচনা করতে বলা হয়েছে।