পাকিস্তানজুড়ে ইন্টারনেট পরিষেবা বিঘ্নিত, সরকারের বাড়তি নজরদারিকে দোষারোপ
ইন্টারনেট ট্রাফিকে সরকারের বেশি বেশি নজরদারির চেষ্টাই নেট বিভ্রাট ঘটিয়েছে বলে অভিযোগ অয়্যারলেস অ্যান্ড ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব পাকিস্তানের।
পাকিস্তানজুড়ে ইন্টারনেট ব্যবহার বিঘ্নিত হচ্ছে। কোথাও ইন্টারনেট বন্ধ রয়েছে। কোথাও খোলা থাকলেও গতি কম। ফলে ব্যবসা-বাণিজ্য বিঘ্নিত হওয়া নিয়ে উদ্বেগ বাড়ছে।
এমন পরিস্থিতিতে পাকিস্তানের ইন্টারনেট পরিষেবা দানকারীরা সরকারকে দোষারোপ করে বলেছে, ইন্টারনেট ট্রাফিকে তাদের বেশি বেশি নজরদারির চেষ্টার কারণেই দেশব্যাপী এই নেট বিভ্রাট ঘটেছে।
পাকিস্তানের পত্রিকা দ্য ডন জানায়, ‘অয়্যারলেস এন্ড ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব পাকিস্তান’ (ডব্লিউআইএসপিএপি) এক বিবৃতিতে বলেছে, সরকারের নিরাপত্তা এবং নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত এই অপ্রত্যাশিত পরিণতি বয়ে এনেছে। দেশের ডিজিটাল অর্থনীতি অচল হয়ে পড়েছে।
গত কয়েক সপ্তাহ ধরে ইন্টারনেটের গতি ৩০ থেকে ৪০ শতাংশ ধীর হয়ে পড়েছে। এতে অনলাইন ব্যবসায়িক লেনদেনে জটিলতা সৃষ্টি হয়েছে। ব্যবহারকারীরা অনেক ওয়েবসাইটে প্রবেশ করতে পারেননি।
পাকিস্তানজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা পাঠাতে কিংবা কোনওকিছু আপলোড বা ডাউনলোড করতে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগছে বলে জানানো হয়েছে বিবৃতিতে।
দেশজুড়ে ইন্টারনেটের এই বিভ্রাটের মধ্যে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নেতৃত্বধীন জোট সরকার এবং দেশের শীর্ষ সাইবার রেগুলেটর দ্য পাকিস্তান টেলিকমিউনিকেশন অথোরিটি (পিটিএ) মুখে কুলুপ এঁটে আছে।
এর পরিপ্রেক্ষিতেই ‘অয়্যারলেস এন্ড ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব পাকিস্তান’ (ডব্লিউআইএসপিএপি) এর চেয়ারম্যান শাহজাদ আরশাদ বলেছেন, সরকার তাদের পদক্ষেপ থেকে পিছু না হটায় ব্যবসায়িক সম্প্রদায়ে আতঙ্ক বাড়ছে।
পাকিস্তান চ্যালেঞ্জিং এই সময় পাড়ি দেওয়ার মধ্যে থাকায় দেশের ভবিষ্যত ডিজিটাল সব সেবাই অনিশ্চয়তার ঘেরাটোপে ঝুলে আছে। সরকার নিরাপত্তা বাড়ানোর প্রতিশ্রুতিতে অটল রয়েছে, কিন্তু দেশের ডিজিটাল অর্নীতিকে এর কী মূল্য দিতে হচ্ছে? সে প্রশ্ন রয়ে যাচ্ছে- বলেন তিনি।
