১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা কমাতে চায় ডেমোক্র্যাটরা

ডেমোক্র্যাট দলীয় ভার্জিনিয়ার সেনেটর টিম কেইন ঘোষণা করেছেন, আগামী মাসে সেনেট অধিবেশন শুরু হলে তিনি ওমান যুদ্ধ ক্ষমতা প্রস্তাব উত্থাপন করবেন।

ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা কমাতে চায় ডেমোক্র্যাটরা
ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2026, 07:58 PM

Updated : 11 Sep 2026, 03:51 PM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দীর্ঘদিনের মিত্রদেশ ওমানে বোমা হামলার হুমকি দেওয়ার পর তার যুদ্ধক্ষমতা কমাতে নতুন করে প্রস্তাব আনার প্রস্তুতি নিচ্ছেন কংগ্রেসের ডেমোক্র্যাট আইনপ্রণেতারা 

`যুদ্ধ ক্ষমতা প্রস্তাব' (ওয়ার পাওয়ার রেজল্যুশন) বহুলাংশে প্রতীকী। তারপরও ডেমোক্র্যাটদের কাছে এই প্রস্তাবই তাদের একটি হাতিয়ারে পরিণত হয়েছে যার মাধ্যমে ডেমোক্র্যাটরা তাদের দৃষ্টিতে অত্যন্ত যুদ্ধংদেহী বা আক্রমণাত্মক প্রশাসনের লাগাম টানার চেষ্টা করছে।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য রো খন্না ব্যঙ্গ করে বলেছেন যে, বর্তমান পরিস্থিতিতে তাদেরকে হয়ত বিশ্বের বাকি ১৯২টি দেশের জন্যই আলাদা করে যুদ্ধ ক্ষমতা প্রস্তাব আনতে হতে পারে। 

মার্কিন প্রেসিডেন্টের একের পর এক দেশের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি ও যুদ্ধংদেহী মনোভাবের তীব্র সমালোচনা করতেই তিনি একথা বলেন।

সোমবার দেওয়া এক বিবৃতিতে ডেমোক্র্যাট দলীয় ভার্জিনিয়ার সেনেটর টিম কেইন ঘোষণা করেছেন যে, আগামী মাসে সেনেট অধিবেশন শুরু হলে তিনি ওমান যুদ্ধ ক্ষমতা প্রস্তাব উত্থাপন করবেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ওমানের শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক ও মুক্ত বাণিজ্য চুক্তি থাকার পরও দেশটিতে হামলার ট্রাম্পের হুমকি রাশিয়া ও চীনের মতো প্রকৃত শত্রুদের লাভবান করছে বলে সেনেটর কেইন মন্তব্য করেন।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রশাসনের আলোচনার পথে ওমান বাধা হয়ে দাঁড়ালে দেশটিতে বোমা হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ট্রাম্প।

হরমুজ প্রণালি খোলার বিষয়টি নিশ্চিত করতে ওয়াশিংটন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এপথে ওমান বাধা হয়ে দাঁড়ালেই ট্রাম্প দেশটিতে হামলা করার এই হুমকি দেন।

ভার্জিনিয়ার ডেমোক্র্যাট নেতা বলেন, তিনি আশা করছেন যে, এমন কিছু রিপাবলিকান সহকর্মী খুঁজে পাবেন যারা ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দেবেন এবং এই অন্ধের মতো পথ চলা, ক্ষমতায় মত্ত প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্র এবং বিশ্বের আরও ক্ষতি করা থেকে বিরত রাখবেন।

হোয়াইট হাউজের মুখপাত্র অ্যানা কেলি ডেমোক্র্যাটদের এমন পরিকল্পনার জবাবে সংবাদমাধ্যম অ্যাক্সিওস-কে বলেছেন, যুক্তরাষ্ট্র এবং বিশ্বজুড়ে রাজনীতিবিদরা কয়েক দশক ধরে পারমাণবিক ইরানের বিপদ নিয়ে কথা বলে আসছেন। তবে কেবল প্রেসিডেন্ট ট্রাম্পেরই এই জাতীয় নিরাপত্তা হুমকি সরাসরি মোকাবেলা করার সাহসিকতা আছে।

তিনি আরও বলেন, যুদ্ধ ও আলোচনার পুরো প্রক্রিয়ায় ট্রাম্প প্রশাসন কংগ্রেসের সঙ্গে স্বচ্ছতা বজায় রেখেছে এবং অন্তত ৩০টির বেশি দ্বিদলীয় ব্রিফিং দেওয়া হয়েছে।

এর আগে ইরানের সঙ্গে চলমান উত্তেজনা ও সামরিক পদক্ষেপের প্রেক্ষাপটে ডেমোক্র্যাটরা ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা খর্ব করার জন্য একাধিকবার বিল ও ভোটাভুটির উদ্যোগ নিয়েছিল|

ডেমোক্র্যাটদের উদ্দেশ্য হল, সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা বা সামরিক শক্তি প্রয়োগের ক্ষেত্রে মার্কিন কংগ্রেসের চূড়ান্ত অনুমোদন নিশ্চিত করা।