নেপালে কেন সোশাল মিডিয়া নিষিদ্ধ হল, শুধু এটাই বিক্ষোভের কারণ?
সামাজিক যোগাযোগমাধ্যমের বিরুদ্ধে একধরনের যুদ্ধ ঘোষণা করেছে নেপাল সরকার। সময়মত রেজিস্ট্রেশন না করায় ফেইসবুক, এক্স, ইউটিউবসহ বেশিরভাগ প্ল্যাটফর্ম বন্ধ করেছে তারা।
নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের সিদ্ধান্তে উত্তাল হয়ে উঠেছে দেশজুড়ে তরুণরা। কমপক্ষে ১৯ জন নিহত ও ৩ শতাধিক মানুষ আহত হয়েছেন সাম্প্রতিক বিক্ষোভে।
এনডিটিভি বলছে, রাজধানী কাঠমান্ডু থেকে শুরু হওয়া এই আন্দোলন ছড়িয়ে পড়েছে অন্যান্য এলাকাতেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বানেশ্বর, সিংহদরবার, নারায়ণহিতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় কারফিউ জারি করেছে সরকার।
পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও টিয়ার শেল ব্যবহার করেছে। বিক্ষোভ সহিংসতায় রূপ নিলে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি জরুরি মন্ত্রিসভার বৈঠক ডাকেন এবং সেনাবাহিনী মোতায়েন হয় নতুন বানেশ্বর এলাকায়
কেন বন্ধ হল সোশাল মিডিয়া?
গত বৃহস্পতিবার নেপাল সরকার ফেইসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, লিংডইন, রেডিটসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম বন্ধ করে দেয়। কারণ, তারা যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে রেজিস্ট্রেশন করেনি।
রেজিস্ট্রেশনের জন্য গত ২৮ আগস্ট থেকে এক সপ্তাহের সময়সীমা দেওয়া হয়েছিল এই প্ল্যাটফর্মগুলোকে। কিন্তু সময়মতো তাদের আবেদন জমা পড়েনি। সে কারণেই প্ল্যাটফর্মগুলো বন্ধ করে দেয় সরকার।
নেপালের কেপি শর্মা অলি সরকারের এই পদক্ষেপের পেছনে রয়েছে সুপ্রিম কোর্টের গত বছরের এক পুরোনো নির্দেশ। সেই নির্দেশনা অনুযায়ী, প্রতিটি সামাজিক যোগাযোগ মাধ্যমকে দেশে প্রতিনিধি নিয়োগ, অভিযোগ ব্যবস্থাপনা কর্মকর্তা ও কমপ্লায়েন্স অফিসার রাখতে বলা হয়েছিল।
যেসব বড় প্ল্যাটফর্ম এই শর্ত পূরণ করেনি সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে টিকটক, ভাইবার, উইটক, নিমবাজ ও পপো লাইভ নিবন্ধিত থাকায় এখনও চালু আছে। টেলিগ্রাম ও গ্লোবাল ডায়েরির আবেদন এখনও প্রক্রিয়াধীন আছে।
বিক্ষোভকারীরা কী বলছেন?
কাঠমান্ডু পোস্টের তথ্যানুযায়ী, নেপালে ১ কোটি ৩৫ লাখ ফেইসবুক ব্যবহারকারী ও ৩৬ লাখ ইনস্টাগ্রাম ব্যবহারকারী আছেন। অনেকেই ব্যবসা ও জীবিকার জন্য এসব প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল।
বিক্ষোভ প্রসঙ্গে ২৪ বছর বয়সী ছাত্র ইউজান রাজভান্ডারি বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধই প্রথমে আমাদের রাস্তায় নামিয়েছে, কিন্তু আসল কারণ দুর্নীতি। নেপালে দুর্নীতি এখন প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে।”
২০ বছর বয়সী ছাত্রী ইক্ষামা তুমরোক বলেন, “আমরা সরকারের কর্তৃত্ববাদী মানসিকতার বিরুদ্ধে প্রতিবাদ করছি। পরিবর্তন চাই। আগের প্রজন্ম হয়ত সহ্য করেছে, কিন্তু আমাদের প্রজন্মেই এর শেষ হতে হবে।”
একটি ভিডিওতে আরেক বিক্ষোভকারীকে বলতে শোনা যায়, “নেতাদের সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল, কিন্তু আমাদের ভবিষ্যৎ কোথায়?”
সরকারের বক্তব্য:
রোববার এক বিবৃতিতে নেপাল সরকার জানিয়েছে, তারা চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান করে এবং এর সুরক্ষার জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করতে প্রতিশ্রুতিবদ্ধ। ।
এর আগে সরকার টেলিগ্রাম বন্ধ করেছিল, অভিযোগ ছিল যে এটি অনলাইন প্রতারণা ও অর্থপাচারে ব্যবহার হচ্ছে।
গত বছর নিষিদ্ধ হয়েছিল টিকটক। তবে প্লাটফর্মটি নেপাল সরকারের বিধিনিষেধ মেনে চলতে রাজি হলে গত অগাস্টে সেটি পুনরায় চালুর অনুমতি পায়।
