লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে 'কথা বলবেন' ইসরায়েলের প্রধানমন্ত্রী
বহু বছর ধরে দুইপক্ষের মধ্যে সম্পূর্ণ বিচ্ছিন্নতার পর দুইদেশের নেতা এই প্রথম কথা বলতে চলেছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য গালিয়া গামলিয়েল।
বৃহস্পতিবার দুই নেতার কথা হবে বলে ইসরায়েলি আর্মি রেডিওতে জানান তিনি।
গামলিয়েল বলেন, “বহু বছর ধরে দুইপক্ষের মধ্যে কথপোকথনে সম্পূর্ণ বিচ্ছিন্নতার পর দুই নেতা এই প্রথম কথা বলতে চলেছেন। এ পদক্ষেপ শেষপর্যন্ত সমৃদ্ধির দিকে নিয়ে যাবে বলে আশা করা যায়।”
এর আগে, যুক্তরাষ্ট্রের সময় বুধবার রাতে ডনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল এ একটি পোস্টে লিখেছিলেন, ইসরায়েল ও লেবাননের নেতারা ‘আগামীকাল’- অর্থাৎ, বৃহস্পতিবার কথা বলবেন।
তবে বৃহস্পতিবার লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ের একজন কর্মকর্তা বিবিসি-কে জানান, ইসরায়েলের সঙ্গে হতে চলা এই যোগাযোগের বিষয়ে তারা অবগত নন।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে লেবানন জড়িয়ে পড়ে গত ২ মার্চে। ওইদিন ইসরায়েলে রকেট ছুড়ে যুদ্ধের সূচনা করে লেবাননের ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ।
২৮ ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার জবাবে ইসরায়েলে হিজবুল্লাহ হামলা চালিয়েছে বলে জানায়।
এরপর ইসরায়েলও লেবাননে হিজবুল্লাহ অবস্থানগুলোর ওপর হামলা শুরু করে। লেবাননে ইসরায়েলের হামলা এখনও চলছে।
