Published : 25 Jul 2026, 05:09 PM
সৌদি আরবের লোহিত সাগরীয় বন্দর শহর ইয়ানবুর তেল শোধনাগারগুলো লক্ষ্য করে ইয়েমেন থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদির এয়ার ডিফেন্স গুলি করে নামিয়েছে বলে গ্রিসের নিরাপত্তা সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে।
শনিবার সৌদির সিভিল ডিফেন্স ইয়ানবুর জন্য বেশ কয়েকবার সতর্কতা জারি করে। পরে তারা জানায়, বিপদ কেটে গেছে।
রয়টার্স জানিয়েছে, সিভিল ডিফেন্স ইয়ানবু থেকে প্রায় ১০০০ কিলোমিটার দক্ষিণে ইয়েমেন সীমান্তের নিকটবর্তী বন্দর শহর জিযানের জন্যও সতর্কতা জারি করেছিল।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিষয়ে সরকারি কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।
সূত্রগুলো জানিয়েছে, গ্রিসের সামরিক বাহিনীর সদস্যরা সৌদির এয়ার ডিফেন্স সিস্টেমগুলো পরিচালনা করেছিল। সৌদি আরবের জ্বালানি অবকাঠামো রক্ষায় সাহায্যের জন্য ২০২১ সালে হওয়া এক চুক্তির আওতায় তেল সমৃদ্ধ আরব দেশটিতে যুক্তরাষ্ট্রের তৈরি একটি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স ব্যাটারি মোতায়েন করেছিল গ্রিস।
গ্রিসের নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, শনিবার পরের দিকে গ্রিক প্যাট্রিয়ট সিস্টেম ইয়ানবু অঞ্চলে ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোনও গুলি করে নামিয়েছে।
ইয়েমেনের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চল নিয়ন্ত্রণে রাখা ইরান সমর্থিত হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ শুরুর ঘোষণা দিয়েছে। ইরান বিশ্বের জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বন্ধ করে রাখার পর থেকে সৌদি আরব পাইপলাইনের মাধ্যমে লোহিত সাগরের তীরবর্তী বন্দরগুলোতে তেল নিয়ে সেখান থেকে সরবরাহ শুরু করে। কিন্তু এবার হুতিরা সেটিতে বাধ সাধছে।
হুতিরা লোহিত সাগর পথে সৌদি তেল সরবরাহে বিঘ্ন সৃষ্টি করে পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধকে আরও বৃহত্তভাবে ছড়িয়ে পড়ার হুমকি তৈরি করেছে। তারা বৃহস্পতিবার লোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে।
এর জবাবে শুক্রবার ইয়েমেনের হুদায়দাহ বন্দরনগরী ও কাছের কামারান দ্বীপে হুতিদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় সৌদি আরব। এর প্রতিক্রিয়ায় রাতে সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিযান শহরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করে হুতিরা।
ইরান হুরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার পর এবার হুতিরা লোহিত সাগরে অবরোধ সৃষ্টি করার ফের চড়তে শুরু করেছে তেলের দাম। চলতি সপ্তাহে ব্রেন্টের অপরিশোধিত তেলের ব্যারেল প্রতি দাম ১০০ ডলারে উঠে যায়, যা মে মাসের পর থেকে সর্বোচ্চ।
আরও পড়ুন:
সৌদি-হুতি পাল্টাপাল্টি হামলা, হরমুজ প্রণালির অদূরে মার্কিন হামলায় বিকল তেলের ট্যাংকার
লোহিত সাগরে তেলের ট্যাংকারে হামলা: ইরান ও হুতিদের ‘কঠোর শাস্তির’ হুমকি ট্রাম্পের