২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

রোজার আগে আল-আকসা মসজিদের ইমামকে গ্রেপ্তার করল ইসরায়েল

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদের ইমাম আল-আব্বাসিকে গ্রেপ্তার করার কারণ কিংবা তার বিরুদ্ধে কী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

রোজার আগে আল-আকসা মসজিদের ইমামকে গ্রেপ্তার করল ইসরায়েল
আল-আকসা মসজিদ ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2026, 07:27 PM

Updated : 26 Aug 2026, 02:58 PM

পবিত্র রমজান মাসের রোজা শুরুর আগে গত সোমবার সন্ধ্যায় অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদের ইমাম শেখ মুহাম্মদ আলি আল-আব্বাসিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলের পুলিশ। স্থানীয় কয়েকটি সূত্রে এ খবর জানা গেছে। 

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, আল-আকসা মসজিদ চত্বরের ভেতর থেকে আল-আব্বাসিকে গ্রেপ্তার করে পুলিশ। তবে তাকে গ্রেপ্তার করার কারণ কিংবা তার বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

ফিলিস্তিনি কর্মকর্তারা এ ঘটনাকে পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলি কর্তৃপক্ষের বাড়াবাড়িরকমের পদক্ষেপ বলে বর্ণনা করেছেন।

তারা বলছেন, সাম্প্রতিক সময়ে আল-আকসা মসজিদের ইমাম ও ধর্মপোদেষ্টাদের ওপর নানা বিধিনিষেধ আরোপ, মুসলিমদের প্রবেশে কড়াকড়ি এবং কড়া পুলিশ পাহারার মধ্য দিয়ে ইহুদি বসতি স্থাপনকারীদের মসজিদ প্রাঙ্গণে প্রবেশ  বাড়িয়েছে ইসরায়েল।

জেরুজালেমের ওল্ড সিটি ও আল-আকসা চত্বরকে কেন্দ্র করে সম্প্রতি চরম উত্তেজনা বিরাজ করছে। ধর্মীয় ব্যক্তিত্ব ও স্থানীয় অধিকারকর্মীদের গ্রেপ্তার করা এবং এলাকাছাড়া করার খবরও পাওয়া যাচ্ছে।

আল আকসার ইমাম আল-আব্বাসিকে গ্রেপ্তারের পরিস্থিতি নিয়ে ইসরায়েল কর্তৃপক্ষ এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি বলে জানিয়েছে ‘দ্য মিডল ইস্ট মনিটর’ পত্রিকা।

ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস মঙ্গলবার এক বিবৃতিতে আল-আব্বাসিকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে। আব্বাসিকে মসজিদ থেকে নিষিদ্ধ করার একটি নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।

হামাস এই পদক্ষেপকে আল-আকসা মসজিদের অভ্যন্তরীন বিষয়ে ইসরায়েলের নগ্ন হস্তক্ষেপ এবং মসজিদের ইমামের ওপর অগ্রহণযোগ্য আক্রমণ বলে বর্ণনা করেছে।