২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরে হানিমুনে গিয়ে স্প্যানিশ দম্পতি আটক

স্প্যানিশ ফুটবল ক্লাব ভ্যালেন্সিয়ার সিঙ্গাপুরি মালিক ধনকুবের পিটার লিমের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর পর এই নবদম্পতি আটক হন।

সিঙ্গাপুরে হানিমুনে গিয়ে স্প্যানিশ দম্পতি আটক
ছবি: বিবিসি থেকে নেওয়া

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2024, 09:23 PM

Updated : 26 Aug 2026, 10:38 AM

সিঙ্গাপুরে হানিমুনে গিয়েছিলেন স্প্যানিশ দম্পতি দানি কুয়েস্তা ও মিরেইরা সায়েজ। সেখানে তারা স্প্যানিশ ফুটবল ক্লাব ভ্যালেন্সিয়ার সিঙ্গাপুরি মালিক ধনকুবের পিটার লিমের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর পর আটক হন।

বিবিসি জানায়, পিটার লিমের বাড়ির সামনে তার সমালোচনামূলক প্ল্যাকার্ড হাতে নিয়ে দানি কুয়েস্তা নিজের দাঁড়িয়ে থাকার একটি ছবি পোস্ট করেন। 

পরে নববধূসহ তাকে সিঙ্গাপুর বিমানবন্দরে আটক করা হয়। জব্দ করা হয়, তাদের পাসপোর্টও। গত শুক্রবার এই দম্পতি সিঙ্গাপুর ছেড়ে যাওয়ার সময় আটক হন বলে স্প্যানিস বেতার স্টেশন ওনডা সেরোকে জানিয়েছেন ভ্যালেন্সিয়ার মেয়র মারিয়া হোসে কাতালা।

তাদের বিরুদ্ধে কী অভিযোগ আনা হতে পারে বা কোনও অভিযোগ আনা হবে কিনা তা স্পষ্ট জানা যায়নি। তবে বিষয়টি বুধবারই নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছে বিবিসি।

সিঙ্গাপুরে ভাঙচুর এবং জনসমাবেশের বিরুদ্ধে এমনকি সেটি মাত্র একজনের হলেও সবচেয়ে কঠোর আইন আছে। সরকার শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার প্রয়োজনে এসব নিয়ম প্রয়োগ করে।

২০২০ সালে সিঙ্গাপুরের এক মানবাধিকারকর্মী বাক স্বাধীনতার জন্য দীর্ঘ প্রচার চালানোর পর গ্রেপ্তার হয়েছিলেন স্মাইলি ফেসের একটি প্ল্যাকার্ড হাতে ধরা ছবির কারণে।

গত বৃহস্পতিবার দানি কুয়েস্তা সিঙ্গাপুরে পৌঁছানোর পরপরই এক্সে পোস্ট দেন। তাতে তিনি জানান, ‘লিম বাড়ি ফিরে যাও’ লেখা একটি পতাকা নিয়ে কিছু ছবি তুলবেন তিনি।

ভ্যালেন্সিয়া ফুটবল ক্লাবটি স্পেনের ভ্যালেন্সিয়া নগরীতে অবস্থিত। দানি কুয়েস্তা দম্পতি ভ্যালেন্সিয়া ফুটবল ক্লাবের সমর্থক। কিন্তু এই ক্লাবের সমর্থকদের মধ্যে ক্লাবটির সিঙ্গপুরি মালিক পিটার লিমের জনপ্রিয়তা নেই বললেই চলে। লিমের ১০ বছরের মেয়াদে ক্লাবটি চরম সমস্যা জর্জরিত হয়েছে বলেই মনে করে তারা।

পিটার লিম সিঙ্গাপুরের সবচেয়ে ধনী মানুষ। ২০১৪ সালে তিনি ভ্যালেন্সিয়া ফুটবল ক্লাব কিনে নিয়ে ক্লাবটির ইতিহাসে প্রথম বিদেশি মালিক হন। 

পরবর্তীতে ক্লাবের অধঃপতন এবং ঋণের সমস্যায় জর্জরিত হওয়ার পাশাপাশি ফুটবল বিশ্বে লিমের বিতর্কিত অবস্থানের কারণে ভক্তরা তার প্রতি বিরূপ হয়ে পড়ে।

সিঙ্গাপুরে লিমের বিরুদ্ধে স্প্যানিশ নব দম্পতির প্রতিবাদ তার অজনপ্রিয়তাকে আবার নতুন করে সামনে এনেছে। দানি কুয়েস্তা সিঙ্গাপুরের বিভিন্ন পর্যটন এলাকায় লিম বাড়ি ফিরে যাও লেখা হলুদ ব্যানার ধরে দাঁড়িয়ে থাকা একাধি ছবি অনলাইনে পোস্ট করেন।

আরেকটা ছবিতে দেখা যায় কুয়েস্তা সিঙ্গাপুরের বিলাসবহুল একটি বাড়ির বাইরে ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছেন, যে বাড়িতে থাকেন লিম।

কেবল তা–ই নয়, ধনকুবের পিটার লিমের বাড়ির গেটে ‘লিম আউট’ লেখা একটি স্টিকারও ঝুলিয়ে সেটির ভিডিও পোস্ট করেন কুয়েস্তা।

কুয়েস্তার এসব কর্মকাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্যালেন্সিয়ার কর্মী ও সমর্থকদের মধ্যে দারুণভাবে সাড়া ফেলে। ভ্যালেন্সয়া ফুটবল পডকাস্টে কুয়েস্তা একটি সাক্ষাৎকারও দেন।

ভ্যালেন্সির মেয়র জানিয়েছেন, লিমের বিরুদ্ধে ওইসব কর্মকাণ্ডের পরদিন সিঙ্গাপুর থেকে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে যাওয়ার ফ্লাইটে উঠার চেষ্টা করছিলেন কুয়েস্তা ও মিরেইরা দম্পতি। 

কিন্তু সিঙ্গাপুর বিমানবন্দর কর্র্তৃপক্ষ তাদেরকে থামিয়ে দেয়। সিঙ্গাপুরের স্প্যানিশ দূতাবাস খবরটি নিশ্চিত করে জানিয়ে বলেছে, ওই দম্পতির বিরুদ্ধে তদন্ত চলছে একারণে তাদের পাসপোর্ট নিয়ে নেওয়া হয়েছে।

তবে এই দম্পতির বিরুদ্ধে কী ধরনের অপরাধের তদন্ত চলছে তা তাদেরকে বলা হয়নি। কুয়েস্তা দম্পতি হোটেল ছেড়ে যেতে পারবে। তবে সিঙ্গাপুর ছেড়ে যেতে পারবে না।