২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দি এক মার্কিন নাগরিককে মুক্তি দিল আফগানিস্তান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প গত জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর আফগানিস্তানের সঙ্গে সর্বোচ্চ পর্যায়ের সরাসরি আলোচনার মধ্য দিয়ে এই মার্কিনির মুক্তি নিশ্চিত হয়।

বন্দি এক মার্কিন নাগরিককে মুক্তি দিল আফগানিস্তান
কাতারে যাওয়ার আগে কাবুল বিমানবন্দরে জর্জ গ্লেজম্যান (মাঝে)। ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2025, 10:28 PM

Updated : 26 Aug 2026, 12:19 PM

আফগানিস্তানে এক মার্কিন নাগরিক দুই বছরের বেশি সময় বন্দি থাকার পর তাকে মুক্তি দিয়েছে তালেবান।

জর্জ গ্লেজম্যান নামের এই মার্কিন নাগরিক একজন এয়ারলাইনস মেকানিক। পর্যটক হিসাবে আফগানিস্তান ভ্রমণের সময় ২০২২ সালের ডিসেম্বরে তিনি আটক  হয়েছিলেন।

মুক্তি পাওয়ার পর  বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রে ফেরার আগে তিনি কাতারের উদ্দেশে একটি ফ্লাইটে করে আফগানিস্তান ছেড়ে যান।

আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত অ্যাডাম বোয়েলার ও অন্যান্য মার্কিন কর্মকর্তাদের বৈঠক করার পর গ্লেজম্যানের মুক্তি নিশ্চিত হয়।

তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গ্লেজম্যানকে মানবিক কারণে এবং সদিচ্ছার নিদর্শন হিসাবে মুক্তি দেওয়া হয়েছে। ওদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মার্কিন বন্দি মুক্তির এই চুক্তিকে ইতিবাচক ও গঠনমূলক পদক্ষেপ বলে বর্ণনা করেছেন।

বন্দি মুক্তি নিয়ে তালেবানের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠকটি ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গত জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে দুই পক্ষের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সরাসরি আলোচনা।

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে বিশেষ মার্কিন দূত বোয়েলারের সঙ্গে উপস্থিত ছিলেন কাবুলে যুক্তরাষ্ট্রের নিযুক্ত সাবেক দূত জালমে খলিলজাদ।

তালেবান ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতায় ফিরে আসার পর থেকে মূলত দুই সরকারের মধ্যে যোগাযোগ সাধারণত তৃতীয় কোনও দেশেই হয়ে থাকে।

কাতার জানিয়েছে, তারা গ্লেজম্যানের মুক্তির প্রক্রিয়ায় মধ্যস্থতা করেছে।

ওদিকে, এক্স (টুইটার)-এ এক পোস্টে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বন্দি মুক্তি চুক্তিটি সব পক্ষ, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে প্রকৃতই জড়িত হওয়ার ক্ষেত্রে আফগানিস্তানের প্রস্তুতি নির্দেশ করে।