১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চন্দ্রযান-৩: ল্যান্ডারের নাম কেন বিক্রম

বুধবার সন্ধ্যায় চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম।

চন্দ্রযান-৩: ল্যান্ডারের নাম কেন বিক্রম

চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2023, 02:41 PM

Updated : 23 Aug 2023, 02:41 PM

কয়েক ঘণ্টা পর ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম স্পর্শ করতে চলেছে চাঁদের মাটি, সফলভাবে নামতে পারলে তার পেট থেকে বেরিয়ে যাবে রোবটযান প্রজ্ঞান। তার ছবি তুলে পৃথিবীতে পাঠাবে বিক্রম।

এর আগে চন্দ্রযান-২ এর ল্যান্ডারের নামও রাখা হয়েছিল বিক্রম। দেড় হাজার কেজি ওজনের চন্দ্রযান-৩ এর এ ল্যান্ডার তার পেটের মধ্যে বহন করছে ২৬ কেজি ওজনের রোভার বা রোবটযান প্রজ্ঞানকে।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ইসরোর প্রতিষ্ঠাতা বিক্রম সারাভাই (১৯১৯-১৯৭১) এর নামানুসারে এই ল্যান্ডারের নামকরণ। ভারতীয় এই জ্যোতির্বিদ দেশটির মহাকাশ গবেষণার উদ্যোগের পাশাপাশি পারমাণবিক শক্তি উন্নয়নে অবদান রেখেছিলেন। তাকে ভারতের ‘মহাকাশ কর্মসূচির জনক’ বলা হয়ে থাকে। ১৯৬৬ সালে তিনি পদ্মভূষণ ও ১৯৭২ সালে মরণোত্তর পদ্মবিভূষণ খেতাব লাভ করেন।

Image

বিক্রম সারাভাই

ল্যান্ডার বিক্রমের অবতরণের সময়টা হতে হবে একেবারে নির্দিষ্ট, চাঁদের কোনো এক দিনের ঠিক সূচনায়। কারণ ল্যান্ডার আর রোভারের ব্যাটারি চার্জ হতে সূর্যালোক দরকার হবে।

বিক্রম ঠিকঠাক চাঁদে নামতে পারলে এর পেট থেকে বেরিয়ে আসবে ছয় চাকার প্রজ্ঞান। চাঁদের পৃষ্ঠে ঘুরে ঘুরে সে পৃথিবীতে পাঠাবে তথ্য আর ছবি। চন্দ্রপৃষ্ঠের রাসায়নিক গঠন বিশ্লেষণ এবং পানির সন্ধান করবে। এই রোভার সক্রিয় থাকবে চাঁদের এক দিন, যা পৃথিবীর ১৪ দিনের সমান।

Image

ছবি: ইন্ডিয়া টুডে

৩ হাজার ৯০০ কেজি ওজনের চন্দ্রযান-৩ মহাকাশযান তৈরি হয়েছে অরবিটার, ল্যান্ডার ও রোভার- এই তিনটি অংশ নিয়ে। এর মধ্যে ল্যান্ডার বিক্রমের ওজন দেড় হাজার কেজি। অপরদিকে পাঁচ ধরনের যন্ত্র বহন করছে চন্দ্রযানের রোভার। চন্দ্রপৃষ্ঠের গাঠনিক বৈশিষ্ট্য, পৃষ্ঠের কাছাকাছি বায়ুমণ্ডল এবং ভূগর্ভে নিচে কী ঘটছে, রোভারের মাধ্যমে তা জানার চেষ্টা করবেন বিজ্ঞানীরা।

বিক্রম যদি ঠিকঠাক অবতরণ করতে পারে তবে ভারতই হবে চাঁদের রহস্যঘেরা দক্ষিণ মেরুতে পৌঁছানো প্রথম এবং চাঁদের বুকে সফলভাবে নামতে পারা চতুর্থ দেশ। এর আগে কেবল যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মহাকাশযান নিরাপদে চাঁদের মাটিতে নামতে পেরেছে।

আরও পড়ুন-

পুরানো খবর:

ইতিহাসের সাক্ষী হতে চাঁদের পানে চেয়ে গোটা ভারত

পুরানো খবর:

চন্দ্রযান-৩: চাঁদের বুকে নিরাপদে নামার জায়গা খুঁজছে বিক্রম