২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান আলোচনা এগিয়ে নিতে ইচ্ছুক: ফ্রান্স, আলোচনা ‘গঠনমূলক’ হয়েছে: যুক্তরাজ্য

জেনিভা বৈঠকের আলোচনা গঠনমূলক হয়েছে এবং আলোচনা চালিয়ে যাওয়া নিয়ে মতৈক্য হয়েছে বলে জানিয়েছেন ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীরা।

বিডিনিউজ২৪

রয়টার্স

Published : 21 Jun 2025, 12:45 AM

Updated : 26 Aug 2026, 01:14 PM

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো বলেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পারমাণবিক কর্মসূচি ও অন্যান্য সব বিষয় নিয়েই আলোচনা এগিয়ে নিতে ইচ্ছুক থাকার ইঙ্গিত দিয়েছেন। 

ওদিকে, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, “আজ আমরা গঠনমূলক আলোচনা করেছি এবং তা চালিয়ে যাব।”

শুক্রবার সুইজারল্যান্ডের জেনিভায় ইরানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন কথাই বলেছেন দুই ইউরোপীয় দেশের দুই পররাষ্ট্রমন্ত্রী।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা আশা করি ইরান খোলামেলা আলোচনা করবে। যুক্তরাষ্ট্রের সঙ্গেও আলোচনা করবে, যাতে সংলাপের মধ্য দিয়ে সংকটের একটি সমাধানে পৌঁছানো যায়।’

এই সংকট কেবল মধ্যপ্রাচ্য নয় বরং ইউরোপের জন্যও গুরুতর ঝুঁকি সৃষ্টি করেছে উল্লেখ করে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা মনে করেন না যে, সামরিক পন্থায় ইরানের পারমাণবিক সমস্যার নিশ্চিত কোনও সমাধান আসবে।

ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, আঞ্চলিক উত্তেজনা কারও জন্যই মঙ্গলজনক নয়। এজন্য আলোচনার পথ খোলা রাখা জরুরি।

ইউরোপীয় কমিশনের ভাইস-প্রেসিডেন্ট কায়া কাল্লাস বলেছেন, “বৈঠকে আমরা পারমাণবিক কর্মসূচি ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা চালিয়ে যেতে একমত হয়েছি।”

বৈঠক শেষে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, “আমরা স্পষ্ট করে দিয়েছি, ইরানের হাতে পরমাণু অস্ত্র থাকতে পারবে না।” তবে কূটনৈতিক পন্থায় সমাধানে আসতে আলোচনা চালিয়ে যেতে তিনি ও তাদের মিত্র ইউরোপীয় দেশগুলোও আগ্রহী বলে জানান ল্যামি।

তিনি বলেন, “আমরা চাই ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত রাখুক। এটা একটি বিপজ্জনক মুহূর্ত। আমরা যাতে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়তে না দেখি, সেটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ।”

ওদিকে, বৈঠকের পর জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইওহান ভাদেফুল বলেন, "মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা যেন আর না বাড়ে সেটি নিশ্চিত করাই আমাদের সম্মিলিত লক্ষ্য। পাশাপাশি আলোচনার মাধ্যমে যেন অগ্রগতি হয়, তাও আমরা নিশ্চিত করব।"

বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তার আগের অবস্থানই পুনর্ব্যাক্ত করেছেন। তিনি বলেন, “আগ্রাসন একবার বন্ধ হলেই ইরান আবার কূটনৈতিক পথের বিষয়টি বিবেচনা করতে প্রস্তুত।” ঘৃণ্য অপরাধ সংঘটনের জন্য আগ্রাসনকারীর জবাবদিহিতাও দাবি করেন তিনি।

ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ দাবি করে আরাঘচি বলেন, “এর ওপর (পারমাণবিক স্থাপনা) হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইরান নিজেদের প্রতিরক্ষা চালিয়ে যাবে। এটি তাদের বৈধ অধিকার।” ইরানের প্রতিরক্ষা সক্ষমতা আলোচনার বিষয় নয় বলেও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আরাঘচি।