লেবাননে পেজার বিস্ফোরণের ঘটনায় নিবিড় পর্যবেক্ষণে তাইওয়ান
পেজারগুলো তৈরির সঙ্গে তাইওয়ানের একটি কোম্পানি জড়িত থাকার খবর আসার পর এ কথা বলেছেন তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী।
লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে হাজার হাজার পেজার বিস্ফোরণের ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তাইওয়ানের জাতীয় নিরাপত্তা বাহিনী।
তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী একথা বলেছেন। বুধবার পেজারগুলো তৈরির সঙ্গে তাইওয়ানের একটি কোম্পানি জড়িত থাকার খবর আসার পর এ কথা বলেন তিনি।
তবে তাইওয়ানভিত্তিক কোম্পানি গোল্ড অ্যাপোলো বলছে, হামলায় ব্যবহৃত পেজারগুলো তারা তৈরি করেনি। এগুলো হাঙ্গেরির বুদাপেস্টভিত্তিক একটি কোম্পানি তৈরি করেছে। অ্যাপোলো গোল্ডের লাইসেন্স ব্যবহারের অনুমতি আছে কোম্পানিটির।
তাইপেতে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী ওয়েলিংটন কু বলেছেন, তাইওয়ান সরকার খুব নিবিড়ভাবে ঘটনাটি পর্যবেক্ষণ করছে।
তিনি আরও বলেন, পেজার বিস্ফোরণের খবর প্রকাশ হওয়ার পর তাইওয়ানের জাতীয় নিরাপত্তা সংস্থাগুলো ঘটনাটি খুব ভালোভাবে নজরে রেখেছে। তবে এ ব্যাপারে তেমন বিস্তারিত কিছু বলেননি তিনি।
রয়টার্স জানায়, পেজার বিস্ফোরণের ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী। পেজার বিস্ফোরণে লেবাননে নয়জন নিহত হয়েছে। তবে এ হামলার দায় স্বীকার করেনি ইসরায়েল।
গতবছর অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুই পক্ষ আন্তঃসীমান্ত যুদ্ধে লিপ্ত রয়েছে।
প্রায় এক বছর ধরে গাজায় চলা ইসরায়েলের হামলাকে কেন্দ্র করে ইসরায়েল–লেবানন সীমান্তে কয়েক মাস ধরে হিজবুল্লাহর সঙ্গে থেমে থেমে ইসরায়েলি বাহিনীর লড়াই চলছে।
গত ৭ অক্টোবর গাজার হামাস যোদ্ধাদের ইসরায়েলে হামলার নিন্দা জানিয়ে তাইপে দ্রুত পদক্ষেপ নেয় এবং ইসরায়েলের প্রতি তাইওয়ানের সমর্থন ও সহানুভূতি প্রকাশ করে।
তাইপেতে ইসরায়েলি রাষ্ট্রদূত গত বছর বলেছিলেন, “তাইওয়ান সব সময় ভাল বন্ধু। তাদের সমর্থনকে আমরা সাধুবাদ জানাই। তবে ৭ অক্টোবরের হামলা নিয়ে চীনের প্রতিক্রিয়া ছিল জঘন্য।”
পেজার বিস্ফোরণের ঘটনা নিয়ে ইসরায়েল কি তাইওয়ানকে আগেই তথ্য দিয়েছিল বা দুই দেশের মধ্যে নিরাপত্তা কিংবা গোয়েন্দা বাহিনী বিনিময় ছিল কিনা এমন প্রশ্নের জবাবে কু বলেন, আমাদের সেরকম সম্পর্ক নেই।
কু'র পাশে বসা মন্ত্রণালয়ের মুখপাত্র সান লি-ফ্যাং বলেন, কোম্পানির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে একথাই জানানো হয়েছে যে, পেজারগুলো তারা তৈরি করেনি।
