১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইউক্রেইনকে সহায়তা ও রাশিয়ায় নিষেধাজ্ঞায় সায় প্রতিনিধি পরিষদের, আরেক ধাক্কায় ট্রাম্প

যুক্তরাষ্ট্রে কংগ্রেসের নিম্নকক্ষের ভোটে ইউক্রেইনকে সামরিক সহায়তা দেওয়া ও রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের বিল পাস হয়েছে।

ইউক্রেইনকে সহায়তা ও রাশিয়ায় নিষেধাজ্ঞায় সায় প্রতিনিধি পরিষদের, আরেক ধাক্কায় ট্রাম্প
কিইভে রাশিয়ার হামলা বিধ্বস্ত একটি গাড়ি ওয়ার্কশপে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2026, 08:04 PM

Updated : 11 Sep 2026, 03:21 PM

ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাসের পদক্ষেপে ধাক্কা খাওয়ার পর এবার আরেকটি বিল পাসে নতুন করে ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ইউক্রেইনকে সামরিক সহায়তা দেওয়া ও রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের একটি বিল পাস হয়েছে। ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সদস্যদের একাংশও বিলটিকে সমর্থন করেছে।

‘ইউক্রেইন সাপোর্ট অ্যাক্ট’ নামের ওই বিলটি ২২৬-১৯৫ ভোটে পাস হয়। কয়েক মাস ধরে সেটি আটকে ছিল। কয়েকজন রিপাবলিকান সদস্য বিরোধী ডেমোক্র্যাটদের সঙ্গে মিলে বিশেষ আবেদনপত্রে সইয়ের পর এটি নিয়ে ভোটাভুটি করা সম্ভব হয়।

১৮ জন রিপাবলিকান এবং ১ জন স্বতন্ত্র সদস্য ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দিয়ে ‘ইউক্রেইন সাপোর্ট অ্যাক্ট’-এর পক্ষে ভোট দেন। ইউক্রেইন এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।

তবে বিল পাসের এই ঘটনা ট্রাম্পের রিপাবলিকান পার্টিতে অন্তর্বিরোধের সর্বসাম্প্রতিক লক্ষণ বলেই মনে করছেন মার্কিন রাজনীতি বিশ্লেষকরা।

এর আগে বৃহস্পতিবারেই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান নিয়ে প্রতিনিধি পরিষদে ভোট হয়। তাতে ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করার উদ্দেশ্যে আনা প্রস্তাব ২১৫-২০৮ ভোটে পাস হয়। প্রস্তাবটি এখন সেনেটে যাওয়ার অপেক্ষায়।

চার জন রিপাবলিকান সদস্য বিরোধী ডোমোক্র্যাটদের আনা ওই প্রস্তাব সমর্থন করেছিলেন। প্রস্তাব অনুযায়ী, কংগ্রেস যদি আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা না করে কিংবা সামরিক শক্তি ব্যবহারের অনুমতি না দেয়, তবে ট্রাম্পকে অবশ্যই ইরান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে।