পাঁচ পর্বতারোহী নিখোঁজের স্থানে দেখা গেছে মৃতদেহ
“তুষার গলে যাওয়ার পর মৃতদেহগুলো বেরিয়ে এসেছে, এমনটা হতে পারে।”
নেপালের হিমালয় অঞ্চলের একটি স্থানে পাঁচটি মৃতদেহের দেখা পেয়েছেন উদ্ধারকারীরা, যেখানে গত বছর পাঁচ পর্বতারোহী নিখোঁজ হয়েছিলেন।
রয়টার্স লিখেছে, গত নভেম্বর থেকে তিন বিদেশি পর্বতারোহী এবং দুই নেপালি নাগরিক নিখোঁজ রয়েছেন। ইয়ালুং রি পর্বতে তুষারধসে নিখোঁজ হওয়া তিন বিদেশির মধ্যে একজন ইতালীয়-কানাডিয়ান, একজন ইতালীয় এবং অপরজন জার্মান।
চীনের তিব্বত অঞ্চলের সীমান্তবর্তী দোলাখা জেলার ৫ হাজার ৬৩০ মিটার উঁচু এই পর্বতের বেস ক্যাম্পে একজন ইতালীয় ও একজন ফরাসি পর্বতারোহীও মারা যান।
পর্বতটি গৌরিশঙ্কর পৌরসভায় অবস্থিত, সেখানকার কর্মকর্তা থাবিন্দ্র কুমার কাফলে বলেন, একটি ট্রেকিং কোম্পানির হয়ে মরদেহ খুঁজতে যাওয়া কয়েকজন কর্মী শুক্রবার সেগুলো দেখতে পান।
ঘটনাস্থলের কাছাকাছি বংগার খোলায় আছেন বিদেশি পর্বতারোহীদের গাইড করা ট্রেকিং কোম্পানি ড্রিমার্স ডেস্টিনেশনের ফুরবা তেনজিং শেরপা।
তিনি বলেন, “যে স্থানে মৃতদেহ দেখা গেছে, সেখানে আমরা পৌঁছানোর চেষ্টা করছি। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে এখানে আটকে পড়েছি।”
সেখানে হেলিকপ্টার থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে সেটি উদ্ধারে যেতে পারছে না।
ফুরবা বলেন, “তুষার গলে যাওয়ার পর মৃতদেহগুলো বেরিয়ে এসেছে, এমনটা হতে পারে।”
তবে মরদেহগুলো গত বছর ইয়ালুং রিতে নিখোঁজ হওয়া পর্বতারোহীদের কি না তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
নেপালের উত্তর-পূর্বাঞ্চলের রোলওয়ালিং ভ্যালিতে এ পর্বতটি অবস্থিত। সেখানে পর্বতারোহীদের পাথর, বরফ ও তুষারের মিশ্রণে তৈরি বিভিন্ন পথ পাড়ি দিতে হয়।
