ইরানে বিমানসেনা উদ্ধারের খবর ফাঁস করা সাংবাদিককে জেলে ভরার হুমকি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট জানান, ওই সাংবাদিক কীভাবে এই তথ্য পেয়েছে তার উৎস প্রকাশ না করলে তাকে কারাগারে পাঠানো হবে।
ইরানে বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারের খবর যে সাংবাদিক প্রথম প্রকাশ করেছেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
সোমবার এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জানান, ওই সাংবাদিক কীভাবে এই তথ্য পেয়েছে তার উৎস প্রকাশ না করলে তাকে কারাগারে পাঠানো হবে।
হোয়াইট হাউজে ওই সংবাদ সম্মেলনে ট্রাম্পের এমন মন্তব্য গণমাধ্যমের ওপর তার প্রশাসনের ক্রমবর্ধমান আক্রমণের একটি বড় বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে, ইরান যুদ্ধের নেতিবাচক সংবাদ প্রচার নিয়ে ট্রাম্প ব্যক্তিগতভাবে তার সহযোগীদের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন। ট্রাম্প ও তার মিত্ররা প্রকাশ্যেই বেশ কিছু সংবাদমাধ্যমের কঠোর সমালোচনা করে আসছেন।
গত শুক্রবার ইরানে একটি মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর বেশ কয়েকটি সংবাদ মাধ্যম জানায় যে, বিমানে থাকা দুই সেনার একজনকে মার্কিন উদ্ধারকারী দল সফলভাবে উদ্ধার করেছে।
ট্রাম্পের অভিযোগ, এই তথ্যটি আগেই প্রকাশ করে দেওয়ায় দ্বিতীয় সেনাকে উদ্ধারের অভিযানটি নিরাপত্তার ঝুঁকিতে পড়েছিল। যদিও শেষ পর্যন্ত দ্বিতীয় বিমানসেনাকেও সফলভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে।
ট্রাম্প বলেন, “প্রথম সেনাকে উদ্ধারের বিষয়ে আমরা এক ঘণ্টা ধরে কোনো কথা বলিনি। কিন্তু এরপর কেউ একজন তথ্যটি ফাঁস করে দেয়। আমরা আশা করছি ওই তথ্য ফাঁসকারীকে খুঁজে পাবো। ওই তথ্য ফাঁসকারীকে খুব গুরুত্ব দিয়ে খুঁজছি আমরা।”
তিনি আরও বলেন, “আমরা সেই গণমাধ্যম কোম্পানির কাছে যাব যারা এটি প্রকাশ করেছে আর বলব, ‘জাতীয় নিরাপত্তার খাতিরে তথ্যের উৎস প্রকাশ করো, নয়তো জেলে যাও’।”
তবে ট্রাম্প ঠিক কোন সংবাদ মাধ্যম বা সাংবাদিকের কথা বোঝাচ্ছেন, তা স্পষ্ট নয়। দ্য নিউ ইয়র্ক টাইমস, সিবিএস নিউজ এবং অ্যাক্সিওসসহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যম প্রায় একই সময়ে প্রথম বিমানসেনা উদ্ধারের খবরটি প্রকাশ করেছিল। এ বিষয়ে হোয়াইট হাউজের কাছে জানতে চাওয়া হলে তারা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
এদিকে ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) চেয়ারম্যান ব্রেন্ডন কার গত মাসে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে লেখেন, যেসব সংবাদ মাধ্যম ‘ভুয়া খবর’ প্রচার করছে, তাদের লাইসেন্স নবায়নের আগে ‘পথ সংশোধনের’ একটি সুযোগ দেওয়া হচ্ছে। তার এই পোস্টের সঙ্গে ট্রাম্পের একটি ‘ট্রুথ সোশ্যাল’ পোস্টের স্ক্রিনশট যুক্ত ছিল, যেখানে ট্রাম্প দাবি করেছিলেন যে কিছু সংবাদ মাধ্যম চায় যুক্তরাষ্ট্র এই যুদ্ধে হেরে যাক।
আরও পড়ুন:
