২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সংকীর্ণতা ছাড়ুন’, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুঁশিয়ারির জবাবে ভারত

১০ বছরের জন্য চাবাহার বন্দর পরিচালনা নিয়ে ভারতের সঙ্গে চুক্তি ইরানের।

‘সংকীর্ণতা ছাড়ুন’, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুঁশিয়ারির জবাবে ভারত
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2024, 07:20 PM

Updated : 26 Aug 2026, 09:35 AM

ইরানের চাবাহার বন্দর নিয়ে ভারতের দীর্ঘমেয়াদি চুক্তির পরপরই নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়া নিয়ে যুক্তরাষ্ট্র যে হুঁশিয়ারি দিয়েছে,তার জবাব দিয়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। 

তিনি বলেছেন, এই বন্দর প্রকল্পে সবাই উপকৃত হবে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি রাখলে চলবে না। অতীতে যে যুক্তরাষ্ট্রও খোদ চাবাহার বন্দরের গুরুত্ব নিয়ে কথা বলেছে, সে উদাহরণও তুলে ধরেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

মঙ্গলবার পশ্চিমবঙ্গের কলকাতায় নিজের বই “হোয়াই ভারত ম্যাটারস” এর বাংলা সংস্করণের উদ্বোধনে যান এস জয়শঙ্কর। 

সেখানেই তাকে ভারতের সঙ্গে ইরানের চাবাহার বন্দর উন্নয়ন চুক্তি সই করা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া সম্পর্কে প্রশ্ন করা হলে জয়শঙ্কর বলেন, “আমি কিছু মন্তব্য দেখেছি। কিন্তু এটি আসলে যোগাযোগের বিষয়। বোঝানোর বিষয় যে, এ চুক্তি আসলে সবার লাভের জন্যই। আমার মনে হয় না মানুষের এটি নিয়ে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি রাখা উচিত।”

তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র আগে এমন করেনি। অতীতে চাবাহার বন্দর নিয়ে যুক্তরাষ্ট্রের আচরণ লক্ষ্য করলে দেখা যায়, তারা নিজেই স্বীকার ও প্রশংসা করেছে চাবাহার বন্দরের বিপুল প্রাসঙ্গিকতা নিয়ে…আমরা এ বন্দর নিয়ে কাজ করব। আমাদের বিশ্বাস, এতে গোটা অঞ্চলই উপকৃত হবে।”

সোমবার ১০ বছরের জন্য ইরানের চাবাহার বন্দর পরিচালনা নিয়ে ভারতের চুক্তি সইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়ে যুক্তরাষ্ট্র বলেছিল, ইরানের সঙ্গে যে বা যারাই বাণিজ্য করার কথা ভাবছে, তাদের নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়ার বিষয়টিও মাথায় রাখা উচিত।

 ইরানের ওপর যুক্তরাষ্ট্র যেসব নিষেধাজ্ঞা জারি করেছে, তা জারি থাকবে বলে জানান মার্কিন পররাষ্ট্রবিভাগের উপ মুখপাত্র বেদান্ত প্যাটেল।

ইরানের চাবাহার বন্দর ৭২০০ কিলোমিটার দীর্ঘ। এই বন্দরের মাধ্যমে ভারত, ইরান, আফগানিস্তান, আর্মেনিয়া, আজারবাইজান, রাশিয়া, মধ্য এশিয়া ও ইউরোপের মধ্যে পণ্য পরিবহন করা যাবে।

পাকিস্তান লাগোয়া ইরানের সীমান্তের কাছের কৌশলগত গুরুত্বপূর্ণ চাবাহার বন্দরের উন্নয়নের জন্য ইরান ও ভারত ২০১৬ সালে একটি চুক্তি করেছিল।

সোমবার বন্দরটির আরও উন্নয়নের জন্য ইরানের সঙ্গে দীর্ঘ ১০ বছর মেয়াদি চুক্তি সই করেছে ভারত। কিন্তু ইরানের সঙ্গে ভারতের এ চুক্তিকে ভালোভাবে নেয়নি যুক্তরাষ্ট্র। 

বেদান্ত প্যাটেল সোমবার বলেন, ‘‘যে কোনও প্রতিষ্ঠান বা ব্যক্তি— যারাই ইরানের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম নিয়ে চিন্তা-ভাবনা করছে; তারা যে ঝুঁকির আশঙ্কার মুখে নিজেদের ঠেলে দিচ্ছে সে সম্পর্কে এবং নিষেধাজ্ঞার মুখে পড়ার ঝুঁকি সম্পর্কেও তাদের সজাগ থাকা দরকার।”

যুক্তরাষ্ট্রের এই হুঁশিয়ারিরই প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর।

২০১৮ সালের শেষদিকে ইরানের চাবাহার বন্দরের কার্যক্রম পরিচালনার দায়িত্ব নিয়েছিল ভারত। শত্রুদেশ পাকিস্তানের স্থলপথ এড়িয়ে আফগানিস্তান এবং মধ্য-এশিয়ায় ভারতের পণ্য পরিবহন ও সরবরাহের এক নতুন ট্রানজিট রুট খুলে দিয়েছিল এই বন্দর।

কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত চাবাহার বন্দর দিয়ে ভারত থেকে আফগানিস্তানে ২৫ লাখ টন গম ও ২ হাজার টন ডালের চালান গেছে।