কী এই নতুন রুশ ক্ষেপণাস্ত্র ‘ওরেশনিক’, যার পরীক্ষা চলেছে ইউক্রেইনে
রাশিয়ার সশস্ত্র বাহিনী গত বৃহস্পতিবার ইউক্রেইনে নতুন মাঝারি-পাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন, যার কোডনাম ‘ওরেশনিক’।
ইউক্রেইনের নিপ্রো শহরে গত বৃহস্পতিবার রাশিয়া একটি বিমান হামলা চালায়, যে সম্পর্কে প্রত্যক্ষদর্শীরা বলছে- সচরাচর যেমন বিমান হামলা হয়, ওই হামলা সেরকম ছিল না। হামলার পর বিস্ফোরণ ঘটে, যা স্থায়ী হয়েছিল তিন ঘন্টা।
বিমান হামলায় সেদিন রাশিয়া একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। এ ক্ষেপণাস্ত্র এতটাই শক্তিশালী ছিল যে, পরে ইউক্রেইনের কর্মকর্তারা বলেছিলেন, সেটি ছিল আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) বৈশিষ্ট্যমন্ডিত।
পশ্চিমা কর্মকর্তারা সঙ্গে সঙ্গেই এমন হামলা হওয়ার কথা নাকচ করেছিলেন। তাদের ভাষ্য ছিল, এ ধরনের (আইসিবিএম) হামলা চললে যুক্তরাষ্ট্রের পারমাণবিক সতর্কীকরণ ব্যবস্থা সক্রিয় হয়ে যেত।
ইউক্রেইনে ওই হামলার কয়েক ঘণ্টা পরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাতির উদ্দেশে এক টিভি ভাষণে ক্ষেপণাস্ত্রটি কী ধরনের ছিল তা স্পষ্ট করে জানান। তিনি বলেন, রাশিয়ার সশস্ত্র বাহিনী ইউক্রেইনে নতুন প্রচলিত মাঝারি-পাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার কোডনাম ‘ওরেশনিক’।
রাশিয়ান ভাষায় ওরেশনিক শব্দটির অর্থ হচ্ছে ‘হ্যাজেল ট্রি’ (বড় ঝোপ আকারের গাছ)। পুতিন বলেছেন, এই ক্ষেপণাস্ত্র শব্দের গতির চেয়ে ১০ গুণ বেশি গতিতে ছুটে গেছে। এমন গতির কারণে রাডারের পক্ষে এই ক্ষেপণাস্ত্র শনাক্ত করার কোনও উপায় বর্তমানে নেই।
গত বৃহস্পতিবার ইউক্রেইনের নিপ্রো শহরে এই ক্ষেপণাস্ত্র দিয়ে সেখানকার ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্র তৈরির একটি প্রধান কারখানায় আঘাত হানা হয়েছে বলে জানান পুতিন। এই হামলাকে পুতিন নতুন এই ওরশেনিক ক্ষেপণাস্ত্রের ‘পরীক্ষা’ বলে উল্লেখ করেন এবং বলেন, এই পরীক্ষা সফল হয়েছে। কারণ, ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যে পৌঁছেছে।
ভবিষ্যতেও এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো এমনকি যুদ্ধক্ষেত্রেও এ পরীক্ষা অব্যাহত রাখার ঘোষণা তিনি দিয়েছেন ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে।
ক্ষেপণাস্ত্রটি আসলে কী?
পুতিনের বর্ণনার পরও এই ক্ষেপণাস্ত্র আসলে কী, তা নিয়ে সুস্পষ্ট কোনও ঐকমত্য নেই। ইউক্রেইনের সামরিক গোয়েন্দারা এটিকে নতুন এক ধরনের আইসিবিএম বলেই বর্ণনা করেন, যার নাম কেদর (সিডার)।
তাদের ভাষ্য, এটি ম্যাক ১১ গতিতে এগিয়েছে এবং উৎক্ষেপণ স্থল রাশিয়ার আস্ত্রাখান থেকে ১,০০০ কিলোমিটারেরও (৬২০ মাইল) বেশি দূরে ইউক্রেইনের নিপ্রোতে পৌঁছাতে ১৫ মিনিট সময় নিয়েছে।
তারা আরও জানান, ক্ষেপণাস্ত্রটিতে ছয়টি ওয়ারহেড (ক্ষেপণাস্ত্রের সম্মুখ অংশ) ছিল এবং প্রতিটিতে ছয়টি করে সাব-মিউনিশন (বিস্ফোরক) ছিল।
বিবিসি ভেরিফাইয়ের ভিডিও বিশ্লেষণেও এর সত্যতা পাওয়া গেছে। যদিও ফুটেজগুলো ছিল খুবই অস্পষ্ট ও নিম্নমানের। তবে তারপরও ভিডিওতে রাতের আকাশে ছয়টি আলোর ঝলক দেখা যায় এবং প্রতিটি ঝলকে গুচ্ছাকারে থাকা ছয়টি পৃথক প্রজেক্টাইল দেখা গেছে।
গতি কেন গুরুত্বপূর্ণ?
পুতিন ক্ষেপণাস্ত্রের যে বর্ণনা দিয়েছেন সেটি ঠিক হয়ে থাকলে এবং ক্ষেপণাস্ত্রটি হাইপারসনিক হয়ে থাকলে সেক্ষেত্রে এর গতিবেগের বিষয়টি গুরুত্বপূর্ণ। কারণ, ক্ষেপণাস্ত্রটি যত দ্রুতগতিতে উড়ে যাবে তত তাড়াতাড়ি লক্ষ্যে আঘাত হানবে। আর তখন শত্রুপক্ষ সেটি ঠেকানোর সময়ও কম পাবে।
একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাধারণত বায়ুমণ্ডলের ওপরের দিকে একটি ধনুকাকৃতির পথে উঠে এবং একইভাবে বাঁকা পথে নীচে নেমে নিশানায় আঘাত হানে।
তবে নিশানার দিকে নেমে আসার সময় ক্ষেপণাস্ত্রের গতি আরো বাড়ে এবং কাইনেটিক এনার্জি বা গতিশক্তি অর্জন করে। এই গতিশক্তি আরও কিছু সুবিধা দেয়। ক্ষেপণাস্ত্রটি প্রতিরক্ষামূলক কিছু কৌশল নিয়ে লক্ষ্যবস্তুর দিকে নামার সময় নিজ গতিবিধি নিয়ন্ত্রণ করতে পারে।
এ কারণে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (যেমন যুক্তরাষ্ট্র-নির্মিত প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা) দিয়ে এ ধরনের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানো কঠিন হয়।
এই ধরনের হুমকি মোকাবেলা করা অবশ্য সামরিক বাহিনীর জন্য বিশেষ করে, যারা এ ধরনের ঝুঁকি ঠেকাতে কাজ করে তাদের জন্য নতুন কিছু নয়। তবে ক্ষেপণাস্ত্রের গতি যত বেশি হবে, সেটিকে ঠেকানো ততটাই কঠিন হবে।
এ কারণেই পুতিন হয়ত এই নতুন ধরনের ক্ষেপণাস্ত্রের বর্ণনা দেওয়ার সময় এর গতির ওপর জোর দিয়েছেন।
রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রের প্রায় ৮০ শতাংশ ইউক্রেইন ঠেকিয়ে দিয়েছে, এমন সাফল্য খুব কমই দেখা যায়। কিন্তু এখন রাশিয়ার নতুন দ্রুতগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর উদ্দেশ্য হল, ইউক্রেইনের এই সাফল্যর হার কমিয়ে আনার চেষ্টা করা।
নতুন ক্ষেপণাস্ত্রের পাল্লা কী?
রুশ সামরিক বিশেষজ্ঞ ইলিয়া ক্রামনিক ক্রেমলিনপন্থি পত্রিকা ইজভেস্তিয়া-কে বলেন, ওরেশনিক সম্ভবত মাঝারি-পাল্লার ক্ষেপণাস্ত্রের নতুন প্রজন্ম। এ ক্ষেপণাস্ত্রের পাল্লা ২,৫০০ থেকে ৩,০০০ কিলোমিটার (১,৫৫০-১,৮৬০ মাইল)।
তাছাড়া, সম্ভবত ৫,০০০ কিলোমিটার (৩,১০০ মাইল) পর্যন্ত এটি যেতে পারে। অর্থাৎ, সর্বোচ্চ ৫,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানতে সক্ষম। তবে এটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নয়।
প্রায় গোটা ইউরোপ এই ক্ষেপণাস্ত্রের আওতার ভেতরে পড়তে পারে, তবে যুক্তরাষ্ট্র এর আওতায় পড়বে না। “এই ক্ষেপণাস্ত্রের নিশ্চয়ই এমন ওয়ারহেড আছে যেটি আলাদা হয়ে যেতে পারে এবং যেটির গতিবিধি নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে," বলেন ক্রামনিক।
এটি ইয়ারস-এম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) সিরিজের একটি ছোট সংস্করণ হতে পারে বলে ধারণা দেন তিনি। রাশিয়া গত বছর এই ক্ষেপণাস্ত্রের নতুন সংস্করণ তৈরি শুরু করেছে বলে খবর পাওয়া গেছে। এই সংস্করণে আরও গতিসম্পন্ন ও স্বতন্ত্র ওয়ারহেড যোগ করা হয়।
দিমিত্রি করনেভ নামের আরেক বিশেষজ্ঞ ইজভেস্তিয়া-কে বলেছেন, ওরেশনিক সম্ভবত স্বল্প-পাল্লার ইস্কান্দার ক্ষেপণাস্ত্রের ভিত্তিতে তৈরি করা হয়েছে, যা ইউক্রেইনে প্রায়ই ব্যবহার করা হয়ে আসছে। কিন্তু এবার তাতে নতুন প্রজন্মের ইঞ্জিন যোগ করা হয়েছে।
গত বসন্তে রাশিয়ার কাপুস্তিন ইয়ার টেস্টিং সাইটে একটি বড় ইঞ্জিনের ইস্কান্দার ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়, যা ওরেশনিক হতে পারে বলে ধারণা প্রকাশ করেছেন করনেভ।
গত বৃহস্পতিবার যে ক্ষেপণাস্ত্র ইউক্রেইনে ছোড়া হয়, সেটি ওই একই জায়গা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল।
কতটা কার্যকর হতে পারে?
সামরিক বিশ্লেষক ভ্লাদিস্লাভ শুরিগিন ইজভেস্তিয়া পত্রিকাকে বলেছেন, ওরেশনিক ক্ষেপণাস্ত্র যে কোনও আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম।
তিনি আরও বলেন, পারমাণবিক ওয়ারহেড ব্যবহার না করেও এ ক্ষেপণাস্ত্র দিয়ে মাটির নিচের অনেক গভীরে সুরক্ষিত বাঙ্কারও ধ্বংস করা যেতে পারে। যদিও ইউক্রেইনের নিপ্রোর কারখানায় কোনও ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংস হওয়ার প্রমাণ নেই।
আরেক রুশ বিশ্লেষক ইগর কোরোচেঙ্কো সংবাদ সংস্থা তাস-কে জানান, এই ক্ষেপণাস্ত্রে স্বতন্ত্রভাবে নিয়ন্ত্রিত অনেক ওয়ারহেড আছে। ওয়ারহেডগুলো নিশানায় প্রায় একসঙ্গে পৌঁছে যায়, যা অত্যন্ত কার্যকর।
রিস্ক অ্যাডভাইজারি কোম্পানি সিবিলিনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা জাস্টিন ক্রাম্প বিবিসি ভেরিফাই-কে বলেন, এই ক্ষেপণাস্ত্র ইউক্রেইনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য গুরুতর চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
"এই সংঘাতে রাশিয়ার স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইতিমধ্যেই ইউক্রেইনের জন্য হুমকি হয়ে আছে। আরও দ্রুতগতির এবং উন্নত সংস্করণের ক্ষেপণাস্ত্র এ হুমকি বহুগুণ বাড়িয়ে দেবে," বলেন ক্রাম্প।
