২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটে ভরাডুবির পর ব্রিটিশ কনজারভেটিভ পার্টির নেতৃত্ব ছাড়ছেন সুনাক

১০ নম্বর ডাউনিং স্ট্রিটে শেষ বিদায়ী ভাষণে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, দল নতুন নেতা পেয়ে গেলেই তিনি পদত্যাগ করবেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2024, 04:07 PM

Updated : 26 Aug 2026, 09:56 AM

যুক্তরাজ্যের নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের পাশাপাশি নিজ দল কনজারভেটিভ পার্টির নেতৃত্বও ছেড়ে দিচ্ছেন ঋষি সুনাক।

সরকারি বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিটে শেষ বিদায়ী ভাষণে সুনাক বলেছেন, ভোটারদের  ক্ষোভ, হতাশা এবং পরিবর্তনের আকাঙ্খা তিনি উপলব্ধি করতে পেরেছেন। দল নতুন নেতা পেয়ে গেলেই পদত্যাগ করবেন বলে জানান তিনি।

তিনি বলেন, “আমি টোরি (কনজারভেটিভ) নেতার পদ থেকে পদত্যাগ করব। তবে এখনই নয়। যখন দলের উত্তরসূরি নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে তখন।

“১৪ বছর সরকারে থাকার পর কনজারভেটিভ পার্টির পুনর্গঠিত হওয়াটা গুরুত্বপূর্ণ। তবে তারা যথেষ্ট পেশাদারিত্ব এবং কৃতিত্বের সঙ্গে বিরোধীদলের গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে সেটিও কম নয়,” বলেন সুনাক।

তিনি বলেন, “আমি প্রধানমন্ত্রী হিসাবে আমার সবটা দিয়েছি। কিন্তু আপনারা পরিষ্কার বার্তা পাঠিয়েছেন যে, যুক্তরাজ্যের সরকার পরিবর্তন হতে হবে। আর কেবল আপনাদের বিচারই আসল কথা।” প্রধানমন্ত্রী থাকাকালে পরিবারের কাছ থেকে যে সমর্থন-সহযোগিতা পেয়েছেন সেজন্য ধন্যবাদ জানান সুনাক।

প্রধানমন্ত্রী হওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল অর্থনীতিকে স্থিতিশীল করা সেকথা উল্লেখ করে  সুনাক   বলেন, মুল্যস্ফীতিকে সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রায় নিয়ে এসেছেন তিনি। মর্টগেজের হার কমে আসছে এবং প্রবৃদ্ধিও ফিরে এসেছে।

ভাষণে নতুন প্রধানমন্ত্রী হতে চলা লেবার নেতা কিয়ার স্টারমারেরও প্রশংসা করেছেন সুনাক। তিনি বলেন, লেবার পার্টি প্রতিপক্ষ হিসাবে নির্বাচনে দাঁড়িয়েছে। কিন্তু দলের নেতা স্টারমার একজন ভদ্র, জনহিতৈষী মানুষ। আমি তাকে সম্মান করি।

যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের ৬৫০টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৩২৬টি। সেখানে ৬৩৫টি আসনের ঘোষিত ফলাফলে এবার ৪১০টি জিতে নিয়ে নিরঙ্কুশ জয় পেয়ে মধ্য বামপন্থি দল লেবার পার্টি সরকার গঠন করতে চলেছে।

সুনাক বলেন, টোরিকে এখন দল পুনর্গঠন করে বিরোধীদলের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে।

ভাষণ শেষেই গাড়িতে করে ডাউনিং স্ট্রিট ছাড়েন তিনি। এসময় যুক্তরাজ্যকে বিশ্বের সবচেয়ে সেরা দেশ বলে সুনাক মন্তব্য করেন।

এরপর রাজার কাছে পদত্যাগপত্র দিতে তার বাকিংহাম প্যালেসে যাওয়ার কথা রয়েছে। সেখানে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করবেন সুনাক।

ওদিকে, জয়ী লেবার নেতা কিয়ার স্টারমারের সঙ্গেও রাজা দেখা করবেন। সেখানে তাকে আনুষঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দেওয়া হবে এবং সরকার গঠনের আমন্ত্রণ জানানো হবে।

এরপর স্টারমার ডাউনিং স্ট্রিটের বাইরে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসাবে ভাষণ দেবেন এবং ডাউনিং স্ট্রিটে প্রবেশ করবেন।

তাকে রীতিমাফিক হাততালি দিয়ে স্বাগত জানাবেন স্টাফরা। সেখানে যাওয়ার পর সরকারি কর্মকর্তারা তাকে কাজ বুঝিয়ে দেবেন।