২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১০ বছরের ছেলেকে বিমানবন্দরে ফেলে রেখে বেড়াতে গেলেন বাবা-মা

ভ্রমণের কাগজপত্র ঠিকমত না থাকায় ছেলেকে স্পেনের বিমানবন্দরে ফেলে রেখেই ছুটি কাটাতে চলে যান বাবা-মা।

১০ বছরের ছেলেকে বিমানবন্দরে ফেলে রেখে বেড়াতে গেলেন বাবা-মা
ছবি: বিবিসি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2025, 08:58 PM

Updated : 26 Aug 2026, 01:30 PM

স্পেনের একটি বিমানবন্দরে ঘটেছে এমন ঘটনা। ছেলেকে নিয়ে বেড়াতে বেরিয়েছিলেন দম্পতি। বিমানবন্দরে চেকিংয়ের সময় তারা দেখলেন ছেলের পাসপোর্টের মেয়াদ ফুরিয়ে গেছে। তার ভিসা হচ্ছে না।

কিন্তু তাই বলে তো আর যাত্রাভঙ্গ হতে পারে না। ছেলেকে বিমানবন্দরে ফেলে রেখেই ছুটি কাটাতে চলে যান বাবা-মা। এক বিমান পরিষেবা কর্মীর টিকটক ভিডিওর মাধ্যমে প্রকাশ্যে এসেছে ঘটনাটি।

‘দ্য নিউ ইয়র্ক পোস্ট’পত্রিকা জানায়, স্পেনের ওই বিমানবন্দরের এয়ার-অপারেশন কোঅর্ডিনেটর হিসাবে পরিচয় দেওয়া লিলিয়ান নামের এক নারী টিকটক ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন এই ঘটনা।

লিলিয়ান বলেন, ছেলেটি পুলিশকে বলেছে, তার মা-বাবা ছুটিতে নিজ দেশে বেড়াতে গেছেন। ছেলেটির স্পেনের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এবং ভিসা না থাকায়, তার বাবা-মা এক আত্মীয়কে ফোন করে বলে দেন ছেলেকে তুলে নিতে।

আত্মীয়র জন্য অপেক্ষা করতে করতে ছেলেটিকে বিমানবন্দরের টার্মিনালে একা বসে থেকে কাঁদতে দেখা যায়। এই পুরো ঘটনাকে ‘অস্বাভাবিক’ বলে মন্তব্য করেন লিলিয়ান। 

তিনি প্রশ্ন তুলে বলেন, “কীভাবে বাবা-মা এতটা নির্লিপ্তভাবে বিমানে উঠে যেতে পারলেন, যখন তাদের ছোট ছেলেটি কেবল কাগজপত্রের সমস্যার জন্য যেতে পারল না? তারা আত্মীয়কে ফোন করেছে। আত্মীয় তো আধ ঘণ্টা, এক ঘণ্টা বা এমনকী তিন ঘণ্টাও দেরি করতে পারে।”

ঘটনাটি জানাজানি হওয়ার পর খোঁজখবর করা হয়, কোন বিমানে কত নম্বর আসনে বসেছেন দম্পতি। পরে ওই স্বামী-স্ত্রীর খোঁজ পায় পুলিশ। তাদের ব্যাগপত্র ফ্লাইট থেকে সরিয়ে দেওয়া হয়। তাদেরকে ছেলেটির কাছে নিয়ে যাওয়া হয় এবং পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য পুলিশ স্টেশনে নেওয়া হয় জেরা করার জন্য।

তবে দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে কি না তা স্পষ্ট নয়। লিলিয়ান বলেন, “আমি একজন এয়ার ট্র্যাফিক কন্ট্রোলার হিসেবে অনেক কিছু দেখেছি, কিন্তু এমন ঘটনা অবিশ্বাস্য।

“নিজের সন্তানকে ভ্রমণের কাগজপত্রের সমস্যার কারণে ফেলে রেখে চলে যাওয়া কোনওভাবেই মেনে নেওয়া যায় না,” বলেন তিনি।