ইসলামাবাদে আত্মঘাতী হামলা: ভারতকে দায়ী করল পাকিস্তান
বিশ্বের এখন ভারতের জঘন্য সব ষড়যন্ত্রের নিন্দা জানানোর সময় এসেছে- বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনায় ভারতকে দায়ী করে কড়া ভাষায় এর নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
একইসঙ্গে আফগানিস্তান সীমান্তের কাছে অবস্থিত ওয়ানায় একটি ক্যাডেট কলেজে হামলার ঘটনাতেও ভারতকে দায়ী করেছেন শেহবাজ। তার দাবি, দুই হামলার নেপথ্যেই আছে ভারতের সমর্থনপুষ্ট জঙ্গি গোষ্ঠী।
মঙ্গলবার ইসলামাবাদের জেলা আদালতের সামনে বিস্ফোরণ ঘটে। এতে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয় আরও ৩৬ জন। এর আগে সোমবারই খাইবার পাখতুনখাওয়ায় ক্যাডেট কলেজের গেটে হামলা হয়েছিল।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, “দুটি হামলাই এ অঞ্চলে ভারতের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের নিকৃষ্টতম উদাহরণ। বিশ্বের এখন সময় এসেছে ভারতের এমন জঘন্য ষড়যন্ত্রের নিন্দা জানানোর।”
তবে ভারতকে দোষারোপ করলেও শেহবাজ নিজের বক্তব্যের সপক্ষে কোনও তথ্যপ্রমাণ দেননি।
ইসলামাবাদে জেলা আদালতের কাছে বিস্ফোরণকে তিনি ‘জাতির জন্য জাগরণের ঘণ্টা’ বলে বর্ণনা করেছেন বলে জানিয়েছে পাকিস্তানের ‘দ্য ডন’ পত্রিকা। ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়ে শেহবাজ বলেছেন, দুস্কৃতকারীদের বিচারের আওতায় আনা হবে।
ওদিকে, ওয়ানার ক্যাডেট কলেজে হামলার ঘটনায় শেহবাজের অভিযোগ, “আফগানিস্তানের মাটি থেকে ভারতের প্ররোচনায় জঙ্গি নেটওয়ার্ক এখন ওয়ানায় শিশুদের উপরও হামলা চালাচ্ছে। এসব হামলার জন্য কোনও নিন্দাই যথেষ্ট নয়।”
এর বিরুদ্ধে পাকিস্তান যুদ্ধ চালিয়ে যাবে উল্লেখ করে শেহবাজ বলেন, “সন্ত্রাসবাদের কষাঘাত পুরোপুরি দূর না করা পর্যন্ত আমাদের যুদ্ধ চলবে।”
