২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ দিনের যে অনশন মামদানির রাজনৈতিক জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল

সেসময় মামদানির অঙ্গরাজ্য বিধানসভার সদস্য হওয়ার বছরপূর্তিও হয়নি।

১৫ দিনের যে অনশন মামদানির রাজনৈতিক জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল
নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2025, 11:59 PM

Updated : 26 Aug 2026, 02:36 PM

এক শতকেরও বেশি সময়ের মধ্যে নিউ ইয়র্ক সিটির সবচেয়ে কম বয়সী এবং প্রথম মুসলিম মেয়র হওয়ার আগে জোহরান মামদানি ছিলেন কুইন্স থেকে নির্বাচিত বিধানসভার সদস্য, যিনি শহরের ট্যাক্সিচালকদের জন্য অনশনে শামিল হয়েছিলেন।  ২০২১ সালে, সেসময়ের ৩০ বছর বয়সী মামদানি সিটি হল পার্কে দাঁড়িয়ে নিউ ইয়র্ক শহরের ট্যাক্সি চালকদের ঋণের বোঝা কমানোর দাবিতে অনশনের ঘোষণা দিয়েছিলেন।

“যতক্ষণ লাগে আমি এই অনশন চালিয়ে যাবো। আমার সব বৈঠক, সব ফোন, সব প্রশাসনিক দায়িত্ব সব আমি এই বিক্ষোভস্থল থেকে সারবো,” মামদানি তখন এমনটাই বলেছিলেন বলে সংবাদমাধ্যম মাদার জোনসের বরাত দিয়ে জানাচ্ছে এনডিটিভি।

সেসময় মামদানির বিধানসভার সদস্য হওয়ার বছরপূর্তিও হয়নি।

ট্যাক্সি চালানোর লাইসেন্স কিনতে নেওয়া ঋণের বোঝা কমানোর দাবিতে ওই অনশন শুরু হয়; যে ঋণ অনেক চালককে আর্থিকভাবে বিপর্যস্ত করেছিল, অনেকে বাধ্য হয়ে আত্মহত্যাও করেছিলেন। 

অনশন চলেছিল ১৫ দিন। তার মধ্যে পঞ্চম দিনে মামদানি ও আরও কয়েকজন নির্বাচিত জনপ্রতিনিধি আইন অমান্য কর্মসূচি পালনে লোয়ার ম্যানহাটনে রাস্তা আটকে যান চলাচল বন্ধ করে দিয়েছিলেন। যার ফলশ্রুতিতে পুলিশ তাদের আটক করে, হাত বেঁধে পুলিশ ভ্যানেও তোলে।

ত্রয়োদশ দিনে ডায়াবেটিসে ভুগতে থাকা ট্যাক্সিচালক রিচার্ড চো হুইলচেয়ার ব্যবহার শুরু করেন। 

“আমাদের উপায় ছিল না। আমরা জানতাম না কতদিন সেখানে থাকতে হবে। এটাই ছিল লড়াইয়ের শেষ মুহূর্ত,” মাদার জোনসকে বলেছিলেন চো।

তার দুইদিন পর ট্যাক্সিচালকদের ধর্মঘট সফলতার মুখ থেকে। তৎকালীন মেয়র বিল দে ব্লাসিও লাইসেন্সের ঋণ এক লাখ ৭০ হাজার ডলারে সীমিত করতে এবং মাসিক কিস্তি এক হাজার ১০০ ডলারের কাছাকাছি রাখার একটি চুক্তিতে সম্মত হন। 

আন্দোলনে সফলতা উদ্‌যাপন করতে গিয়ে মামদানি তখন বলেছিলেন, “এটা কেবল সংহতির শুরু। আমরা সে পর্যন্ত একসঙ্গে লড়বো, যতক্ষণ পর্যন্ত জেতার মতো আর কিছুই অবশিষ্ট না থাকে।”

চুক্তির আওতায় পরে ট্যাক্সি মালিক-চালকদের ঋণ পুনর্গঠনের সুযোগ মেলে। ৩০ হাজার ডলার অনুদান, সঙ্গে ৭ দশমিক ৩ শতাংশ বা তার কম স্থির সুদের হার। শহর কর্তৃপক্ষ দায়িত্ব নেয় তাদের সম্পদের সুরক্ষা দেওয়ার।

এ কর্মসূচিতে যোগ দিতে ইচ্ছুকদের আবেদন শুরু হয় ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর, শেষ হয় ৩১ অক্টোবর।

মামদানি সেসময় বলেছিলেন, “গত বছরের ৩ নভেম্বর আমরা আমাদের ১৫ দিনের অনশন ভেঙেছিলাম শহর কর্তৃপক্ষ, নিউ ইয়র্ক ট্যাক্সি শ্রমিক জোট (এনওয়াইটিডব্লিউএ) ও লাইসেন্সের জন্য ঋণদাতা সবচেয়ে বড় প্রতিষ্ঠান মার্বলগেটের মধ্যে প্রাথমিক চুক্তির খবরে। 

“আজ আমরা সেই স্বপ্নের বাস্তবায়ন উদ্‌যাপন করছি, নিউ ইয়র্কের ট্যাক্সি চালকরা তাদের প্রাপ্য স্বস্তি পাচ্ছেন। এই কর্মসূচির জন্য লড়াইয়ে এনওয়াইটিডব্লিউএ-র পাশে থাকায় আমি গর্বিত। যারা চুক্তিটি বাস্তবে রূপদানে সহায়তা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ।”

কয়েক বছর পর মামদানি যখন নিউ ইয়র্কের মেয়র হওয়ার জন্য লড়ছেন, তখনও সেই ট্যাক্সিচালকদের সহায়তা তার জন্য ছিল আশীর্বাদস্বরূপ।  

লাগার্দিয়া বিমানবন্দরে রাতের পালায় কাজ করা শ্রমিকদের সঙ্গে দেখা করতে গিয়ে মামদানি সেখানকার চালকদের সঙ্গে ইংরেজি, হিন্দি ও উর্দুতে শুভেচ্ছা বিনিময় করেন। 

“নিউ ইয়র্ক সিটিতে বেড়ে ওঠা দক্ষিণ এশীয়দের জন্য ট্যাক্সি ছিল নিজেদেরকে এই শহরের অংশ হিসেবে দেখার এক মাধ্যম,” বলেছিলেন তিনি। 

তার প্রচারণার এক ভিডিওতে অনশনের সহযাত্রী রিচার্ড চো-কেও দেখা গেছে। সেখানে চো-কে বলতে দেখা যায়, “হ্যালো, মিস্টার মেয়র মামদানি। আমি তোমাকে ভালোবাসি, আমরা তোমাকে মিস করি।”

“আমিও তোমাদের মিস করি,” জবাবে বলেন মামদানি।