২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুমকিতে শাহজাহান চেয়ারম্যান, প্রতিপক্ষের হরতালের ডাক

পটুয়াখালীর দুমকি উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. শাহজাহান সিকদার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। অন্যদিকে ফের নির্বাচনের দাবিতে হরতাল ডেকেছে ১৯ দল।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2014, 09:10 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

সহকারী রিটানিং কর্মকর্তা মো. সাব্বির আহমেদ জানান, আগে ভোট গ্রহণ স্থগিত হওয়ায় বুধবার পুনর্নির্বাচনে মো. শাহজাহান সিকদার দোয়াত-কলম প্রতীকে বিজয়ী হয়েছেন।

২৩ মার্চে চতুর্থ ধাপের নির্বাচনে ২১টি কেন্দ্রের মধ্যে কারচুপির অভিযোগে ৫টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেছিল নির্বাচন কমিশন।

নির্বাচনে শাহজাহানের সমর্থক ও এজেন্টরা ভোট কেন্দ্র দখল, জাল ভোট প্রদান করেছে বলে অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন প্রার্থী ওহাব মিনার।

বুধবার বেলা ১২টায় উপজেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন থেকে ১৯ দলীয় জোটের পক্ষে ওহাব মিনার হরতালের ডাক দেন।

সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ রব মিয়া।