শাহজাদপুরে মঙ্গলবার অর্ধদিবস হরতাল
ভোট কেন্দ্র দখল, জাল ভোট প্রদানসহ কয়েকটি অভিযোগে মঙ্গলবার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় অর্ধদিবস হরতাল ডেকেছে বিএনপি।
সোমবার বিকাল সোয়া ৩টার দিকে সংবাদ সন্মেলনে এ ঘোষণা দেয়া হয়।
সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী ইকবাল হোসেন হিরু বলেন, সকাল ৯টার পর প্রায় সকল কেন্দ্র থেকেই তার সমর্থিত এজেন্টদের মারপিট করে কেন্দ্র থেকে বের করে দিতে থাকে।
এছাড়াও তিনি নিজে কয়েকটি কেন্দ্রে গিয়ে অনিয়ম দেখে প্রশাসনকে অবগত করলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।
“এ সকল ঘটনার প্রতিবাদে মঙ্গলবার জেলায় অর্ধদিবস হরতাল পালিত হবে, তবে আমরা ভোট বর্জন করছি না,” বলেন তিনি।
সাবেক সাংসদ এহিয়া খান মজলিসের পৌর শহরের বাসায় আয়োজিত সংবাদ সন্মেলনে কেন্দ্রীয় বিএনপির সদস্য কামরুদ্দিন এহিয়া খান মজলিস, দলের উপজেলা সভাপতি হোসাইন শহীদ মাহমুদ গ্যাদন, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রাজা, পৌর বিএনপির সভাপতি তরিকুল ইসলাম আরিফ, পৌর মেয়র নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান প্রার্থী আরিফুজ্জামান আরিফসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজাদ রহমান বলেন, তারা আগেভাগে অভিযোগ করে রেখেছে। এর অর্থ হলো জয়ী হলে চেপে যাবে, আর হেরে গেলে অনিয়মের অভিযোগ বহাল রাখবে।
