টাঙ্গাইলে উপ-নির্বাচন শনিবার
টাঙ্গাইল-৮ আসনে উপ-নির্বাচনের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন।
শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ হবে। এ দিন এ এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত ও বিদ্রোহী প্রার্থীসহ মোট পাঁচজন এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্য থেকে নিজেদের জনপ্রতিনিধি বেছে নেবেন ৩ লাখ ৭ হাজার ৩৮২ জন ভোটার।
আওয়ামী লীগের শওকত মোমেন শাজাহানের মৃত্যুতে বাসাইল ও সখিপুর উপজেলা নিয়ে গঠিত এই সংসদীয় আসনটি শূন্য হয়।
প্রয়াত সাংসদের ছেলে অনুপম শাহজাহান জয় উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে নৌকা প্রতীকে লড়ছেন। আর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মালেক মিঞা প্রতিদ্বন্দ্বিতা করছেন হরিণ প্রতীক নিয়ে।
জাতীয় পার্টির (জেপি) প্রার্থী সাদেক সিদ্দিকীর প্রতীক বাই-সাইকেল। এছাড়া স্বতন্ত্র প্রার্থী লিয়াকত আলী মোরগ প্রতীক নিয়ে ভোটের লড়াইয়ে আছেন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য কৃষক-শ্রমিক জনতা লীগ সভাপতি কাদের সিদ্দিকী মনোনয়ন পত্র জমা দিলেও ঋণখেলাপি হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। পরে এর বিরুদ্ধে তিনি আপিল করলেও হাইকোর্ট তা খারিজ করে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় স্ট্র্রাইকিং ফোর্স হিসেবে বৃহস্পতিবার সকাল থেকে মাঠে নেমেছে র্যাব, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। সংশ্লিষ্ট এলাকায় সব মালামাল পাঠানোসহ সব প্রস্তুতি শেষ হয়েছে।
এ আসনের ১১৭টি ভোটকেন্দ্রের ৭১১টি ভোটকক্ষে শনিবার ভোট হবে। প্রতি কেন্দ্রে একজন করে ১১৭ জন প্রিসাইডিং অফিসার, প্রতি ভোটকক্ষের জন্য একজন করে ৭১১ জন সহকারী প্রিসাইডিং অফিসার এবং ১ হাজার ৪২২ জন পোলিং অফিসার এ নির্বাচনে দায়িত্ব পালন করবেন।
