চিতলমারীতে আ.লীগের দুই নেতার মধ্যে লড়াই
বাগেরহাটের চিতলমারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতা মোল্লা মুজিবর রহমান শামীম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তিনি আনারস প্রতীকে ২০ হাজার ৪৯৭ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী একই দলের জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অশোক কুমার বড়াল মটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২০ হাজার ১৮১ ভোট।
বিজয়ী মোল্লা মুজিবর রহমান শামীম চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ভাইস চেয়ারম্যান পদে চিতলমারী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. রাশেদ পুকুল উড়োজাহাজ প্রতীকে ২৮ হাজার ৪৭৬ ভোট পেয়ে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত মহিলা দল নেত্রী রুনা গাজী কলস প্রতীকে ১৯ হাজার ৭৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এই উপজেলায় তিনটি পদে আওয়ামী লীগের একাধিক প্রার্থী উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় দল কাউকে সমর্থন দেয়নি।
চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নীং অফিসার মোহম্মদ দিদারুল আলম তিনটি পদে ফলাফল ঘোষণা করেন।
