চাঁদপুরের শাহরাস্তিতে বিএনপি বিজয়ী
চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. দেলোয়ার হোসেন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তিনি আনারস প্রতীকে ৪৩ হাজার ৯৭৮ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত মো. হুমায়ুন কবির মজুমদার (কাপ-পিরিচ) পেয়েছেন ৩৫ হাজার ১৪৪ ভোট।
রোববার রাতে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূরুল্লাহ নূরী এই ফলাফল ঘোষণা করেন।
এছাড়া উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত মো. আবুল হোসেন (তালা) ৩৯ হাজার ৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত মো. রেজাউল করিম মিন্টু (চশমা) পেয়েছেন ৩৫ হাজার ২৩৮ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত হাসিনা আক্তার(প্রজাপতি) পেয়েছেন ৩৫ হাজার ৬৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত কামরুন্নাহার কাজল (হাঁস) পেয়েছেন ৩৫ হাজার ৬৩৪ ভোট।
শাহরাস্তি উপজেলা নির্বাচনে ১ লাখ ৪১ হাজার ৪ ভোটের মধ্যে ৮৫ হাজার ৪ ৭১টি ভোট পড়েছে।
এরমধ্যে বৈধ ভোটের সংখ্যা ৮০ হাজার ৯০টি। অবৈধ ভোট ছিল ৫ হাজার ৩৮১টি।
নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন।
উপজেলার ৫৭টি ভোট কেন্দ্রের ৩৯৩টি ভোটকক্ষে ভোটগ্রহণ হয়।
