জালভোট ও বিধিভঙ্গ: ৪ জনের সাজা
চতুর্থ দফায় উপজেলা নির্বাচনে জাল ভোট দেয়ার অভিযোগে হবিগঞ্জ সদরে এক আইনজীবীর ছয় মাসের কারাদণ্ড হয়েছে।
এদিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় একটি কেন্দ্রের বাইরে প্রার্থীর পক্ষে ভোটার স্লিপ দেয়ায় স্বেচ্ছাসেবক লীগের তিন কর্মীকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সাজাপ্রাপ্তরা হলেন- হবিগঞ্জ আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম (৩৫) এবং বড়াইগ্রাম আওয়ামী লীগের তিন কর্মী গোলাম মোস্তফা (২৮) খাদেমুল ইসলাম (৩২) ও মাহবুবুর রহমান (২৫)।
রোববার দুপুরের আগে হবিগঞ্জের ‘রিচি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র’ ও নাটোরের বড়াইগ্রামে ‘দাখিল মাদ্রাসা কেন্দ্রে’ তাদের সাজা দেয়া হয়।
স্থানীয়রা জানায়, সকাল ১১টার দিকে হবিগঞ্জ আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদক তাজুল রিচি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে যান। বিষয়টি ওই বুথের এক পোলিং এজেন্টের চোখে পড়লে তাকে পুলিশে দেয়া হয়।
পরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম রশীদ আহমেদ মিলন ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাজুলকে ছয় মাসের জেল দেন।
এদিকে দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার ‘দাখিল মাদ্রাসা কেন্দ্রের’ বাইরে আওয়ামী লীগ সমর্থক চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমানের পক্ষে ভোটার স্লিপ দেয়ার খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নবীরুল ইসলাম সেখানে যান।
আচরণবিধি ভঙ্গ করায় স্থানীয় জেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মী- মোস্তফা, খাদেমুল ও মাহবুবকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন তিনি।
