২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যালট ছিনতাই: কুমিল্লায় ২ কেন্দ্রে ভোট বন্ধ, প্রার্থী আটক

ব্যালট ছিনতাই ও সিল মেরে বাক্স ভরার ঘটনায় কুমিল্লার বরুড়া উপজেলার দুটি কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে। বিঘ্নিত হয়েছে আরো একটি কেন্দ্রের ভোটগ্রহণ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2014, 12:04 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

এদিকে গোলযোগ ঘটানোর চেষ্টার অভিযোগে আওয়ামী লীগ সমর্থিত এক বিদ্রোহী প্রার্থীকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।

পূর্ব নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার ফখরুদ্দিন আহমেদ জানান, ব্যালট ছিনতাই হওয়ায় সকালে ভোটগ্রহণ শুরুর পরপরই তা বন্ধ রাখা হয়।

অবশ্য স্থানীয়দের অভিযোগ, চেয়ারমন্যান প্রার্থী ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়ার (আনারস) লোকজন শনিবার রাতেই কেন্দ্রে এসে ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরে রেখে যান।

একই কারণে বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণও বন্ধ রাখা হয়েছে বলে প্রিসাইডিং অফিসার গোবিন্দ চন্দ্র চক্রবর্তী জানান।

তিনি জানান, তার কেন্দ্রের ১২০০ ব্যালট ছিনতাই হয়েছে।

সকালে কদবা তলাগ্রাম কামিনী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোট কিছুসময় বন্ধ রাখা হলেও পরে আবার ভোটগ্রহণ শুরু হয় বলে প্রিসাইডিং অফিসার মহিউদ্দিন মাহামুদ শাজাহান জানান।

এদিকে গোলযোগ ঘটানোর চেষ্টার অভিযোগে এ উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মাজহারুল ইসলামকে (আনারস) গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

বড়ুরার ওওসি এ কে এম কাউসার চৌধুরী জানান, বেলা পৌনে ১১টার দিকে খুসবাস উচ্চবিদ্যালয় কেন্দ্রের বাইরে থেকে মাজহারুল ইসলামকে আটক করেন তারা।

জেলার রিটার্নিং অফিসার রাশেদুল ইসলাম বলেন, তারা ব্যালট ছিনতাইয়ের অভিযোগ পেয়েছেন। বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।