২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দৌলতখানে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

ভোলার দৌলতখান উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2014, 11:29 AM

Updated : 01 Sep 2026, 12:39 PM

এদিকে রোববার সকালে ভোট শুরুর কিছুক্ষণের মধ্যে এ উপজেলার বিভিন্ন কেন্দ্র থেকে বিএনপি সমর্থক প্রার্থীর এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ উঠেছে।

দৌলতখানের জয়নগর ফকির বাড়ী কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ রাইহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে ভোট শুরুর পরপরই কেন্দ্রের বাইরে বাক-বিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এলাকাবাসী জানায়, ফকির বাড়ী কেন্দ্রটি নাগরিক কমিটি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও বিজেপি নেতা শেখ ফরিদের বাড়ির কাছে। ফলে সেখানে ভোটারদের মধ্যেও তার সমর্থক বেশি।

আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যন প্রার্থী মঞ্জুর আলম খানের সমর্থকরা সকালে ওই কেন্দ্রে আসার পর লাইনে দাঁড়ানো নিয়ে দুই পক্ষ কথাকাটাকাটি এবং পরে সংঘর্ষে জড়ায়।

এ সময় অন্তত ১০ জন আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এদিকে দৌলতখানে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জহুরুল ইসলাম খাশবু অভিযোগ করেছেন, তার এজেন্টদের বেশ কয়েকটি কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে।

তিনি বলেন, সকাল সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার মোট ৪২টি কেন্দ্রের মধ্যে ছয়টি থেকে তার এজেন্টকে বের করে দেয়া হয়েছে।

এ বিষয়ে জানতে রিটার্নিং অফিসার মো. আবু সাঈদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে সারা দেশের ৯১টি উপজেলার মধ্যে ভোলার দৌলতখান, তজুমদ্দিন ও মনপুরা উপজেলায় ভোট হচ্ছে।