বাগেরহাটে ৫টিতে-ই আ. লীগ জয়ী
বাগেরহাটে পাঁচটি উপজেলা পরিষদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
মংলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. আবু তাহের হাওলাদার চিংড়ি প্রতীকে ২৬ হাজার ৭২৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মোল্লা আব্দুল জলিল ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৯৬৮ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের মো. কহিনুর সরদার উড়োজাহাজ প্রতীকে ১৬ হাজার ৬৭১ ভোট পেয়ে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কামরুন নাহার হাই কলস প্রতীকে ২৫ হাজার ৫১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
মংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নীং অফিসার মিজানুর রহমান তিনটি পদে বিজয়ীদের নাম ঘোষণা করেন।
বাগেরহাট সদর উপজেলা
পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী খান মুজিবর রহমান আনারস প্রতীকে ৬৬ হাজার ৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী সৈয়দ নাছির আহমেদ মালেক দোয়াতকলম প্রতীকে ভোট পেয়েছেন ২৪ হাজার ৩২১ ভোট।
ভাইস টেয়ারম্যান পদে সরদার মাসুদুর রহমান টিউবয়েল প্রতীকে ৩৫ হাজার ৯৮৬ ভোট পেয়ে এবং পারভীন আহমেদ প্রজাপতি প্রতীকে ৫৯ হাজার ৯৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নীং অফিসার এএফএম এহতেশামুল হক ফলাফল ঘোষণা করেন।
রামপাল উপজেলা
পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শেখ আবু সাঈদ দোয়াতকলম প্রতীকে ৪৪ হাজার ৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী মওলানা জুলফিকার আলী আনারস প্রতীকে ১৭ হাজার ৩৪৮ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে শেখ মোয়াজ্জেম হোসেন ৪৪ হাজার ৭১৭ ভোট পেয়ে এবং মোসাম্মৎ হোসনে আরা ৪১ হাজার ৬২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নীং অফিসার সুব্রত কুমার সিকদার ফলাফল ঘোষণা করেন।
এছাড়া বাগেরহাটের শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
